সাইবার আক্রমণে অফলাইনে এইচএসবিসি
চলতি বছরের শুরতে সাইবার হামলার শিকার হ্য় যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক হংকং অ্যান্ড শাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। শুক্রবার দুপুর পর্যন্তও ওই হামলা মোকাবেলায় বন্ধ থাকে প্রতিষ্ঠানটির অনলাইন ব্যাংকিং ব্যবস্থা।
গ্রাহকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি জানায়, তারা এখনও ওই আক্রমণ থেকে তাদের ‘সিস্টেম রক্ষায়’ কাজ করছে। এ কারণে, কারও জরূরী কোনো লেনদেনের দরকার হলে, তা ব্যাংকটির স্থানীয় কোনো শাখায় এসে করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “ইন্টারনেট আর মোবাইল ব্যাংকিং ঠিক করা হচ্ছে, কিন্তু আমরা এখনও ডিডিওএস আক্রমণ দেখতে পাচ্ছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু সাধারণ সেবা ফিরিয়ে আনা হচ্ছে।”
এর আগে প্রতিষ্ঠানটি ‘নিজেদের সেবা পুনরায় চালু করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে’ বলে জানায়। কিন্তু শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত তাদের অনলাইন ব্যাংকিং ব্যবস্থা বন্ধ ছিল। শনিবার থেকে ব্যাংকটির বড় শাখাগুলো চালু করা হবে বলে জানিয়ছে তারা।
ব্যাংকটির একজন মুখপাত্র বিবিসিকে জানান, ব্যাংকটি একটি ‘ডিনায়াল অফ সার্ভিস’ আক্রমণের শিকার, কিন্তু গ্রাহকদের লেনদেন ক্ষতিগ্রস্থ হয়নি। এই আক্রমণের পেছনের মূল হোতাদের ধরতে প্রতিষ্ঠানটি ‘আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে’ বলে টুইট করা হয় —জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড।
এর আগে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় সেবা বন্ধ থাকার এই সময়ের জন্য ক্ষমা চায় এইচএসবিসি। “আমরা জানি এটা কতোটা অসুবিধাজনক আর সমস্যা সমাধানে আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। দয়া করে পরে আবার চেষ্টা করুন”, বলা হয়েছে তাদের বার্তায়।
ব্যাংকটির অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করা যাচ্ছে না বলে টুইটারে অভিযোগ প্রকাশ করেছেন গ্রাহকরা।
চলতি মাসের শুরুতে ‘একটি জটিল কারিগরি সমস্যা’-এর মুখোমুখি হয় এইচএসবিসি-এর অনলাইন ব্যাংকিং ব্যবস্থা।
