২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ম্যাপস সেবা বন্ধ করছে ‘নিনটেনডো’

উয়ি ইউ কনসোলে গুগল ম্যাপস সেবা বন্ধ করে দিচ্ছে গেইম নির্মাতা নিনটেনডো। ৩১ মার্চ কনসোলটির ‘উয়ি স্ট্রিট ইউ’ সেবা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে জাপানের প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

“সেবাটি বন্ধ করে দেওয়ার পর, ওই সফটওয়্যারটি আর ব্যবহার করা যাবে না। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এর ফলে কোনো অসুবিধা সৃষ্টি হলে আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।” – ওয়েবসাইটে বলা হয়েছে নিনটেনডোর পক্ষ থেকে।

‘উয়ি স্ট্রিট ইউ’ অ্যাপটির অভিষেক হয়েছিল ২০১৩ সালে। অ্যাপটির জন্য বর্তমানে ৫ ডলার চার্জ করে থাকে নিনটেনডো। ৩১ জানুয়ারি থেকে অ্যাপ বিক্রিও বন্ধ করে দেবে নিনটেনডো।

অ্যাপটির বদৌলতে গেইমপ্যাড দিয়ে নিজের টিভিতেই গুগল ম্যাপস অ্যাক্সেস করতে পারতেন ব্যবহারকারী। এর আগে আরেকটি উয়ি ইউ ফিচার ‘টিভিআইআই’ বন্ধ করে দিয়েছিল নিনটেনডো। বন্ধ করার আগে টানা ৩ বছর চালু ছিল সেবাটি।

নতুন এনএক্স কনসোল বাজারজাতকরণের প্রস্তুতি নিচ্ছে নিনটেনডো। চলতি বছরেই নতুন কনসোলটি বাজারে আনবে জাপানি নির্মাতা প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে কনসোল/মোবাইল হাইব্রিড হবে এনএক্স। ডেভেলপাররা নাকি এর মধ্যেই ব্যস্ত হয়ে পরেছেন ডিভাইসটির জন্য কনটেন্ট নির্মাণে।