২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ভাড়া কমালো উবার

‘শীতকালীন দুর্দশাই’ হয়তো কাটাতে হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারকে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

বেগতিক অবস্থায় ভাড়া কমানো চালু রেখেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি-তে উবারএক্স-এর ভাড়া ১৫ শতাংশ কমানো হচ্ছে বলে জানিয়েছে তারা। এর ফলে একটি সাধারণ ট্যাক্সি ক্যাব ভাড়া করার চেয়ে উবার-এর পরিবহন সেবা নিলে কম খরচ হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে উবারএক্স-এর সর্বনিম্ন ভাড়া ৮ ডলারের জায়গায় ৭ ডলার। কিন্তু এই অর্থের পুরোটাই পাচ্ছেন না চালকরা। মূল ভাড়ার ২০ থেকে ২৫ শতাংশ কেটে রাখে উবার আর সেই সঙ্গে ৮.৮৭৫ শতাংশ কর তো রয়েছেই।

উবারের একজন মুখপাত্র সিএনএন-কে বলেন, “যখন মোট ভাড়া কমিয়ে দেওয়া হচ্ছে, তখন তা উবার আর চালক উভয়ের জন্যই কমছে।”

ভাড়া কমানোর কারণটা ‘মৌসুমী’ বলে জানিয়েছে উবার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, শীতকালীন মাসগুলোতে পরিবহণ ভাড়া করার অনুরোধ কমে যায়। যদি মানুষকে আরও বেশি উবার ব্যবহারে উৎসাহিত করা যায়, তবে চালকদের ব্যস্ততা বাড়বে আর তারা আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন বলে মনে করে প্রতিষ্ঠানটি।

যদি চালকরা বাড়তি অর্থ উপার্জন করতে না পারেন, তবে ভাড়া নিয়ে পুনঃবিবেচনা করা হবে বলে জানিয়েছে উবার।

চালকদের জন্য ঘন্টা হিসেবে ৩০ থেকে ৪০ ডলার আয়ের সুযোগ দিয়ে নতুন একটি ব্যবস্থা প্রণয়ন করেছে উবার। এক্ষেত্রে উবার কোনো অর্থ কেটে রাখছে না বা করও দিতে হচ্ছে না। 

চলতি বছর জানুয়ারির শুরুতে কানাডা আর যুক্তরাষ্ট্রের শতাধিক শহরে ভাড়া কমায় বিশ্বের সবচেয়ে দামি এই স্টার্ট-আপ।