সবখানেই ওয়াটসন..
সুপার কম্পিউটার ওয়াটসন ‘পার্সোনাল-প্রফেশনাল’ সবক্ষেত্রের সমস্যা সমাধান করতে সক্ষম হোক--এমনটাই চায় প্রযুক্তিপণ্য নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস ইনকর্পোরেটেড বা আইবিএম। সেই লক্ষ্য অর্জনে ৫শ’ স্টার্টআপ আর ১৭টি শিল্প প্রতিষ্ঠানে ওয়াটসনের সেবা দিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি।
টানা ১৫ প্রান্তিক ধরে মেইনফ্রেম কম্পিউটার এবং সার্ভার বিক্রি হ্রাস পেয়েছে আইবিএম-এর। বাজারে টিকে থাকতে ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড আর মোবাইলভিত্তিক সেবার দিকেই ঝুঁকেছে প্রতিষ্ঠানটি। এই পরিবর্তনে আইবিএমের ‘বাজির ঘোড়া’ এখন ওয়াটসন কম্পিউটার। পোষা প্রাণীর রোগ নির্ণয় থেকে শুরু করে বাণিজ্যিক বিজ্ঞাপন খাতেও ডেটা বিশ্লেষণের কাজ করছে ওয়াটসন।
ওয়াটসন পশু চিকিৎসকদের সহযোগিতা করছে ‘সোফি’ নামের একটি অ্যাপের মাধ্যমে। চিকিৎসকদের প্রশ্নের উত্তর দিতে প্রয়োজনে কয়েক হাজার রেফারেন্স বই ঘেঁটে সম্ভাব্য উত্তর খুঁজে দেয় সুপারকম্পিউটারটি।
স্পোর্টস ট্রেইনিং খাতেও যোগ হচ্ছে ওয়াটসনের সেবা। ‘ওয়াটসন গলফ প্রো’ সেবায় ভিজুয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে খেলোয়াররা কীভাবে গলফ ক্লাব ঘুরাচ্ছেন সেটা বিশ্লেষণ করবে সুপার কম্পিউটারটি। এছাড়াও খেলোয়ারদের শারীরিক অবস্থা বিশ্লেষণ করে কখন প্র্যাকটিস করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কোন খাবার খেতে হবে ইত্যাদি বাতলে দেবে ওয়াটসন।
সমাজসেবামূলক কাজেও ব্যবহার করা হচ্ছে ওয়াটসন। সাবেক মার্কিন সেনাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যবহার করা হচ্ছে ওয়াটসেনর ডেটা অ্যানালাইসিস ক্ষমতা। সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করতে এবং যথাযথ ক্যাম্পেইন চালাতে ওয়াটসনের শরণাপন্ন হয়েছে পিটসবার্গভিত্তিক এক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানও।
শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই এখন কোনো না কোনোভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সিএনএন। ফেইসবুক কাজ করছে এম (M) নিয়ে। মাইক্রোসফট আর অ্যাপল-এর আছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা ও সিরি। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের মালিকানায় কাজ করছে অ্যালেক্সা। আর ওয়েব জায়ান্ট গুগলের ‘গুগল নাও’ সেবা তো আছেই।
ওয়াটসনও একভাবে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছে সিএনএন। অন্য সেবাগুলোর সঙ্গে এর মূল পার্থক্য, যথেষ্ট অর্থের বিনিময়ে যে কেউ ব্যবহার করতে পারবেন সুপার কম্পিউটারটির সেবা। আর বাজারের অন্যান্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের থেকে ওয়াটসনের বিশ্লেষণ ক্ষমতা যে অনেক বেশি, তা বলাই বাহুল্য।
