২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্নেয়াস্ত্র বিক্রি অপছন্দ ফেইসবুকের

এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ফেইসবুক মালিকানাধীন ফটো-শেয়ারিং সেবা ইনস্টাগ্রামে কোনো একক ব্যক্তি আর নিজ আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দিতে ও তা বিক্রি করতে পারবেন না। বিষয়টি দুটি প্লাটফর্মেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 06:26 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

ফেইসবুকের আগের পদক্ষেপে কোনো ব্যক্তি আইডি যাচাই করিয়ে নেওয়া ছাড়া আগ্নেয়াস্ত্র বিক্রি করতে পারত না। কিন্তু নতুন আইন অনুযায়ী, সাইট দুটিতে কোনো ব্যক্তিই আগ্নেয়াস্ত্রবিষয়ক লেনদেন করতে পারবেন না। তবে আগ্নেয়াস্ত্রের ব্যবসা করে থাকে এমন প্রতিষ্ঠান সাইট দুটিতে নিজ ব্যবসার বিজ্ঞাপন চালাতে পারবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র ক্রয় বিষয়ে নতুন বিধিনিষেধ আরোপের তিন সপ্তাহের মাথায় নিজ সাইটে এই পরিবর্তন নিয়ে এল ফেইসবুক। ওবামার নতুন বিধিনিষেধ অনুযায়ী, সব আগ্নেয়াস্ত্র বিক্রেতা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং মানসিকভাবে অসুস্থ বা আগে সহিংসতার রেকর্ড রয়েছে এমন মানুষের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করা যাবে না।

নতুন এই নিয়ম করার পর ফেইসবুক যে পদক্ষেপ নিয়েছে, সেটি নতুন কিছু নয়। এর আগে তারা মাদক ও ঔষধ বিষয়েও একই পদক্ষেপ নিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ১৫৯ কোটি মানুষ সাইটটি ব্যবহার করেন।

অন্যদিকে ২৯ জানুয়ারি ফেইসবুক নতুন নিয়ম করার কয়েক ঘণ্টা পরও সাইটটিতে এ ধরনের আগ্নেয়াস্ত্রের বিভিন্ন বিজ্ঞাপন দেখে গেছে বলে জানিয়েছে বিবিসি। এ ধরনের অনেক ফেইসবুক গ্রুপের সদস্য আবার নিজেদের ওয়ালে লিখেছেন, শনাক্তকরণ এড়াতে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন নামে তাদের গ্রুপ খোলা উচিত।