‘পারসে’ বন্ধের সিদ্ধান্তে নাখোশ ডেভেলপাররা
ফেইসবুক-এর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম পারসে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অসংখ্য ডেভেলপার। পারসে মূলত একটি টুলকিট যার সাহায্যে মোবাইল অ্যাপ তৈরি ও পরিচালনা করা সম্ভব হত।
২০১৩ সালে সাড়ে আট কোটি ডলারের বিনিময়ে ক্লাউডভিত্তিক এ সেবাটি কিনেছিল ফেইসবুক। সে সময় এটি লক্ষাধিক মোবাইল অ্যাপ চালাতে সক্ষম বলেই দাবি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এর সহ-প্রতিষ্ঠাতা কেভিন লাকার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে সেবাটির ইতি টানা হবে, এতে করে প্রতিষ্ঠানটি অন্য কোনোদিকে নিজেদের মনোযোগ দিতে পারবে।
ইতোমধ্যেই সেবাটির সার্ভার ওপেন সোর্স করে দেওয়া হয়েছে এবং ডেটাবেইজ মাইগ্রেশন টুল দেওয়া হচ্ছে, যাতে ডেভেলপাররা বিকল্প কোনো স্থান বেছে নিতে পারেন। ডেভেলপারদের উদ্দেশ্যে লাকার লিখেছেন, “আমরা আপনাদের অনেককে মোবাইল অ্যাপ তৈরিতে সহযোগিতা করতে পেরে গর্বিত। আমরা জানি আপনারা অনেকেই পারসে-এর উপর নির্ভর করেন, আর তাই আমরা এই কাজটি যত সহজভাবে করা যায়, সে চেষ্টা করছি।”
ফেইসবুক যখন পারসে কিনেছিল, সে সময় এর আরেক সহ-প্রতিষ্ঠাতা ইলিয়ার সুখার ডিভেলপারদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে পারসে বন্ধ হবে না। কিন্তু অবশেষে সেটা হওয়াতেই হয়তো এতটা চটেছেন ডেভেলপাররা।
২০১৭ সালের ২৮ জানুয়ারি থেকে পারসে-এর সব সেবা বন্ধ করে দেওয়া হবে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
