এনএক্স-এর সঙ্গে নতুন ‘সুপার স্ম্যাশ ব্রাদার্স’!
নিনটেনডো ভক্তরা এমনিতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন এনএক্স কনসোলের জন্য। এর মধ্যে নতুন গুজব রটেছে বাজারে, নতুন কনসোলের সঙ্গে ‘সুপার স্ম্যাশ ব্রাদার্স’ ফ্র্যাঞ্চাইজের নতুন গেইমও উন্মোচন করবে জাপানি কনসোল নির্মাতা প্রতিষ্ঠানটি।
মাইক্রোব্লগিং সেবা টুইটার থেকেই নতুন গুজবের সূত্রপাত বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট। জাপানের গেইমিং শিল্পের সঙ্গে সখ্যতা রয়েছে ড. সেরকান তোতো’র। ‘সুপার স্ম্যাশ ব্রাদার্স’-এর উয়ি ইউ আর থ্রিডিস সংস্করণের নির্মাতা বান্দাই নামকো এনএক্স কনসোলের জন্য যে গেইমগুলো তৈরি করছে তার মধ্যে নতুন ‘সুপার স্ম্যাশ ব্রাদার্স’ও আছে বলে টুইট করে জানান তিনি।
গেইমটি ‘সুপার স্ম্যাশ ব্রাদার্স’ ফ্র্যাঞ্চাইজের একদম নতুন গেইম হবে নাকি পুরনো কোনো গেইম নতুন কনসোলটির উপযোগী করে তৈরি করছে বান্দাই, সে ব্যাপারে নিশ্চিত নন বলে পরের টুইটেই জানান তোতো। তবে এক্ষেত্রে তার সূত্র ভুয়া তথ্য দেওয়ার মতো নন বলেও দাবি করেন তিনি।
নতুন গুজবের সত্যতা এখনই নিশ্চিত করা সম্ভব নয়। তবে নিনটেনডো নতুন কনসোলের সঙ্গে নিজেদের সবচেয়ে জনপ্রিয় গেইম ফ্র্যাঞ্চাইজের একটি জুড়ে দিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মন্তব্য করেছে ইনডিপেনডেন্ট।
অন্যদিকে এনএক্স কনসোলের জন্য প্রথমে যে গেইমগুলো বাজারজাত করা হবে তার সবগুলোই নতুন গেইম হবে না বলে জানিয়েছে গেইমসরেডার। এনএক্সের জন্য বাজারজাতকৃত গেইমগুলোর মধ্যে বেশ কিছু পুরনো গেইমের আপডেটেড সংস্করণ থাকবে--এমনটা ধরেই নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছে গেইমিংবিষয়ক সাইটটি।
এনএক্স কনসোল নিয়ে কাজ করার কথা স্বীকার করলেও এ প্রসঙ্গে বিস্তারিত কিছু এখনও জানায়নি নিনটেনডো। ধারণা করা হচ্ছে ২০১৬ সালের ‘ই৩ গেইমস কনভেনশন’-এ নতুন কনসোল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।
