২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফল প্রান্তিকে ‘ব্যর্থ’ অ্যামাজন

বছরের শেষ প্রান্তিক সফল হলেও ওয়াল স্ট্রিটের প্রত্যাশা অনুযায়ী মুনাফা হয়নি  বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট অ্যামাজনের। ফলাফল, সবচেয়ে বেশি মুনাফার প্রান্তিকের পরেও শেয়ারবাজারে দাম কমছে প্রতিষ্ঠানটির শেয়ারের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

২০১৫ সালের শেষ তিন মাসে অ্যামাজনের নেট মুনাফা হয়েছে ৪৮.২ কোটি মার্কিন ডলার। ২০১৪ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নেট মুনাফা ছিল ২১.৪ কোটি মার্কিন ডলার। সেই হিসেবে অ্যামাজনের মুনাফা দ্বিগুণ হলেও সন্তুষ্ট নন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা।

অ্যামাজন বিভিন্ন নতুন খাতে ক্রমাগত বিনিয়োগ করে চলেছে। প্রতিটি খাতেই বিনিয়োগের তুলনায় মুনাফা কম করছে প্রতিষ্ঠানটি। আর এ কারণেই বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন রিটেইলার হওয়ার পরেও অ্যামাজনের মুনাফার পরিমাণ লক্ষণীয় মাত্রায় কম বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর নিয়মিত মুনাফা অর্জনে অ্যামাজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বিনিয়োগকারীরা। “তুলনা করলে অ্যামাজনের মুনাফা অর্জনের হার খুবই কম। প্রতিষ্ঠানটি প্রতি ডলার আয়ের বিপরীতে ০.৭৫ সেন্ট মুনাফা করছে।”—বলেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কনলুমিনো কর্মী নিল সন্ডার্স।”

এর প্রভাব পরেছে শেয়ারবাজারেও। ২০১২ সালের পর ২০১৬ সালে এসে টানা তিন প্রান্তিকে মুনাফা অর্জন করতে পেরেছে অ্যামাজন। তারপরেও শেয়ারবাজারে দাম কমছে প্রতিষ্ঠানটির শেয়ারের।

‘এটা পরিষ্কার যে বিনিয়োগকারীরা যেমন আশা করছিলেন সেই আশা পূরণ করতে পারছে না অ্যামাজন।”—মন্তব্য করেছেন সারহান ক্যাপিটালের চিফ এক্সিকিউটিভ অ্যাডাম সারহান।

আশানরূপ মুনাফা অর্জনে ব্যর্থতার জন্য অ্যামাজনের সিএফও ব্রায়ান ওলসাভস্কি দুষেছেন বৈদেশিক মুদ্রা বিনিময়ের হারের ‘অপ্রত্যাশিত প্রভাবকে’। সব মিলিয়ে অ্যামাজন একটা সফল প্রান্তিক এবং একটা সফল বছর পার করেছে বলে মনে করেন তিনি।