২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজ-এ ‘প্রাইভেসি’ ত্রুটি

পুরনো ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ ব্রাউজার প্রতিস্থাপন করতে নতুন ‘এজ’ ব্রাউজার নিয়ে এসেছিল মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির নতুন ওয়েব ব্রাউজার থেকে প্রাইভেট ব্রাউজিং মোডে ব্যবহারকারীর ব্রাউজ করা ওয়েবসাইটগুলোও ‘এজ’ জমা করে রাখে বলে সম্প্রতি আবিষ্কার করেছেন এক সাইবার নিরাপত্তা গবেষক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 08:10 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

কম্পিউটার হার্ড ড্রাইভে এজ থেকে ব্রাউজ করা ওয়েবসাইটের হিসট্রি জমা করে রাখা হয়, এমনকি তা প্রাইভেট ব্রাউজিং মোডে থাকলেও- এমনটাই জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষক আশিশ সিং।  

মাইক্রোসফটের একজন মুখপাত্র এ প্রসঙ্গে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডারকে বলেন, “প্রাইভেট ট্যাবগুলো যেভাবে কাজ করার জন্য বানানো হয়েছিল সেভাবে কাজ করছে না বলে সম্প্রতি জানতে পেরেছি আমরা। ওই সমস্যা যত শিগগির সম্ভব সমাধানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

ক্রোম বা সাফারির মতো প্রচলিত ব্রাউজারে থাকা অ্যাডব্লক এবং হোলা-এর মতো এক্সটেনশনসহ ভিপিএন সেবা ও অন্যান্য ফিচারগুলো না থাকায় শুরুটা বেশ কঠিন হয়েছিল এজ-এর। সদ্য আবিষ্কৃত ওই ত্রুটি ব্রাউজারটির জন্য আরও ক্ষতিকারক হবে বলে মন্তব্য করেছে বিজনেস ইনসাইডার। ‘এজ’ ব্রাউজারে এক্সটেনশন ফিচারগুলো  ২০১৬ সালের গ্রীষ্মে যোগ হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

প্রাইভেট ব্রাউজিং মোডের এমন সমস্যা ক্রোম, সাফারি আর ফায়ারফক্সেও ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ার-এর ভাষ্যমতে, পুরো ডেস্কটপ ব্রাউজার বাজারের প্রায় ৩ শতাংশ রয়েছে এজ-এর দখলে।