স্ন্যাপচ্যাট-এ নতুন ফিচার
ফটো-ভিডিও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে এখন নতুন বন্ধু যোগ করা যাবে ইউআরএল দিয়ে। এ জন্য ব্যবহারকারীদের সবাইকে আলাদা আলাদা ইউআরএল যোগান দিচ্ছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। ইমেইল আর স্ন্যাপকোডের পাশাপাশি নতুন ইউআরএল-এর ব্যবহার নতুন বন্ধুদের ‘অ্যাড’ করা আরও সহজ করবে।
প্রত্যেক ব্যবহারকারীর জন্য একটি করে আলাদা আলাদা ইউআরএল দিয়েছে স্ন্যাপচ্যাট, এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকেই নতুন বন্ধু যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা এখন ‘শেয়ার ইউজারনেইম’ অপশনে ক্লিক করে অ্যাড ফ্রেন্ডস ভিউতে ইউআরএল শেয়ার করতে পারবেন। ওই ইউআরএল-এ ক্লিক করে যে কেউই তাকে বন্ধু তালিকায় যোগ করে নিতে পারবেন।
নতুন এই ফিচারটি সাইটটিতে ব্যবহারকারীদের বন্ধু যোগ করার কয়েকটি উপায়ের মধ্যে একটি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট। এছাড়াও অন্যদের ইউজার নেইল লিখে, অ্যাড্রেস বুক থেকে খুঁজে বের করে বা একটি ছোট স্ন্যাপকোড ইমেইজ যোগ করার মাধ্যমেও বন্ধুদের ‘অ্যাড’ করার সুযোগ রয়েছে।
নতুন এই লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের স্ন্যাপচ্যাট প্রোফাইল ফেইসবুক পোস্ট, ইনস্ট্যান্ট মেসেজ বা টুইটার পোস্টে শেয়ার করা যাবে।
২০১১ সালে অভিষেকের পর খুব বেশি পরিবর্তন আসেনি অ্যাপটিতে। যোগ হয়েছে নতুন ফিচার, বাদ হয়েছে পুরনোগুলো; তারপরও সব মিলিয়ে বড় কোনো পরিবর্তন আসেনি অ্যাপটির মূল ইন্টারফেইসে। কিন্তু অ্যাপটিতে হয়তো খুব শিগগিরই আমূল পরিবর্তন আসছে--সম্প্রতি স্ন্যাপচ্যাটের গোপন কোড ফাঁস হওয়ায় এমন খবর মিলেছে।
অ্যাপটির ইউজার ইন্টারফেইসসহ পুরো ডিজাইনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফাঁস হওয়া কোড। নির্দিষ্ট একজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতাই প্রাধান্য পাবে অ্যাপটির নতুন ইন্টারফেইসে। ওই ইন্টারফেইসকে চিহ্নিত করা হচ্ছে ‘ChatV2’ নামে। নতুন ইন্টারফেইসের মাধ্যমে স্ন্যাপচ্যাট আদতে ফেইসবুক মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের মতো প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে আঁট-ঘাট বেঁধে মাঠে নামছে বলে ধারণা করা হচ্ছে।
