২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও গেইমস দিয়ে সনি’র শেষ রক্ষা

২০১৫ সালের শেষ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি। ক্যামেরা সেন্সর ব্যবসা গতি হারালেও মোবাইল ব্যবসার খরচ কমিয়ে আর ভিডিও গেইম ব্যবসায় সাফল্যের ফলে শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছাড়িয়েছে গেছে বিশ্লেষকদের প্রত্যাশার পরিমাণ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটির লাভ ১১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। স্মার্টফোন আর টিভি-এর মতো ইলেকট্রনিক্স ভোক্তাপণ্য খাতে অ্যাপল, স্যামসাং আর কমদামী পণ্য নির্মাতা এশীয় প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে পিছিয়ে পড়েছে সনি। কিন্তু মোবাইল উৎপাদন খাতে খরচ কমিয়ে আর প্লেস্টেশন ৪-এর জনপ্রিয়তারি উপর ভর করেই ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক সময়ে চীনের বাজারে আইফোনের বিক্রি হ্রাস বাজারে সনির ব্যবসার উপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছে রয়টার্স।

এক বছর আগে একই প্রান্তিকে সেন্সরসহ অন্যান্য ডিভাইসের বিক্রি ১৩ শতাংশ নেমে গিয়েছিল বলে জানিয়েছে সনি। সে সময় ব্যাটারি বিক্রিতে নামা ধ্বসের ধাক্কাও সামলাতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

সম্প্রতি ইউরোপের বাজারে বিশেষ সংস্করণের ১ টেরাবাইট প্লেস্টেশন ৪ কনসোল আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সনি। নতুন ওই প্লেস্টেশন ৪ কনসোলটির সঙ্গে স্ট্রিট ফাইটার ফাইভ গেইমটির ডিস্কও থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও চারটি বিশেষ স্ট্রিট ফাইটার সংস্করণভিত্তিক প্লেস্টেশন ৪ উন্মোচন করেছে সনি।