এক্সবক্স ওয়ান-এ ‘দ্য ডিভিশন’ বেটা
পিসি আর প্লেস্টেশন ৪ গেইমারদের আগে এক্সবক্স ওয়ান গেইমারদের হাতে পৌঁছে যাচ্ছে থার্ড-পার্সন শুটিং গেইম ‘দ্য ডিভিশন’-এর বেটা সংস্করণ। টম ক্ল্যান্সি ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ এই গেইমটি খেলা যাবে কেবল অনলাইনেই।
এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ৪ এবং পিসিতে থেকে খেলা যাবে গেইমটি। তবে এর বেটা সংস্করণ উন্মুক্ত করার সময় এক্সবক্স ওয়ানকেই প্রাধান্য দিয়েছেন এর নির্মাতারা। পিসি এবং প্লেস্টেশন ৪ প্লাটফর্মের এক দিন আগেই এক্সবক্স ওয়ানের জন্য উন্মুক্ত করা হচ্ছে গেইমটির বেটা সংস্করণ।
গেইমটির পটভূমি গড়ে উঠেছে মহামারীর শিকার যুক্তরাষ্ট্র নিয়ে। মহামারী থেকে বাঁচতে সাধারণ নাগরিকদের সবাই পালিয়ে যাওয়ার পর মার্কিন সেনাবাহিনীর একটি দলকে টিকে থাকতে হবে মহামারী আক্রান্ত দেশটিতে। ওই মার্কিন সেনাদের চরিত্র নিয়েই গেইমটি খেলতে হবে গেইমারদের।
আপাতত গেইমটির বেটা সংস্করণ উন্মুক্ত করে দেওয়া হলেও ৩১ জানুয়ারিতে আবার গেইমটির অ্যাক্সেস বন্ধ করে দেবে এর নির্মাতারা।
বেটা সংস্করণটি খেলার উপায় একটাই, প্রি-অর্ডার করতে হবে গেইমটি। তবে গেইমারদের মধ্যে কেউ কেউ প্রি-অর্ডারের পর অ্যাক্সেস কোড হাতে পেয়েই গেইমটির অর্ডার বাতিল করে দিচ্ছিলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছিলেন ওই কোড। ‘দ্য ডিভিশন’ নির্মাতারা গেইমারদের ওই অনৈতিক আচরণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট।
