ইউরোপ চ্যাম্পিয়ানকে হারালো ‘এআই’
বোর্ড গেইম ‘গো’-এর ইউরোপিয়ান চ্যাম্পিয়ানকে খেলায় হারিয়ে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রোগ্রাম। চীনা এই বোর্ড গেইমটিকে দাবার চেয়েও কঠিন খেলা হিসেবে বিবেচনা করা হয়।
প্রযুক্তি প্রতিষ্ঠানের ডিপমাইন্ড বিভাগের এক কৃত্রিম বৃদ্ধিমত্তার সফটওয়্যার এই বোর্ড গেইমে অংশ নিয়েছিল। ডিপমাইন্ড বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, তাদের সফটওয়্যারটি বোর্ড গেইম মানব প্রতিদ্বন্দ্বীকে পাঁচ-শূণ্য-তে হারাতে সক্ষম হয়েছে। অনেকেই বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উন্নতি হিসেবে দেখছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বোর্ড গেইমটিতে কীভাবে মানুষকে হারিয়েছে, সে বিষয়টি বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার-এ ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা গেছে, যে সফটওয়্যারটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ানকে হারিয়েছে, তা পেশাদার নয় ‘অ্যাডভান্সড অ্যামাচার’ লেভেল-এর।
ধারণা করা হয় হাজার খানেক বছর আগে প্রাচীন চীনে বোর্ড গেইম ‘গো’ খেলাটির উৎপত্তি হয়েছিল। এটিকে দাবার চেয়ে কঠিন মনে করার অন্যতম একটি কারণ হচ্ছে, কে জিতছে তা এই খেলায় অনুমান করা শক্ত। শেষ মুহূর্তের একটি চালও পুরো খেলার পরিস্থিতি বদলে দিতে পারে এবং এর খেলোয়াররা খেলার সময় অধিকাংশ ক্ষেত্রেই অনুমানের উপর নির্ভর করে থাকেন।
ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস জানিয়েছেন, তাদের আলাফাগো নামের এই সফটওয়্যারটি তিন স্তর প্রক্রিয়ার সাহায্যে খেলে থাকে এবং প্রথম স্তরেই মানুষ দিতে পারে এমন তিন কোটি চাল অনুমান করে থাকে সফটওয়্যারটি। এ ছাড়াও সাধারণত গেইমটির প্যাটার্ন সম্পর্কে বুঝতে চেষ্টা করে সফটওয়্যারটি এবং ভুল থেকে ধরতে চেষ্টা করে কোন চাল দিলে ওই ভুলটি হত না। এভাবেই খেলা চালিয়ে যেতে থাকে আলফাগো। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডিপমাইন্ডের ইচ্ছা বর্তমানে বিশ্বের শীর্ষ ‘গো’ খেলোয়ার লি সিডল-এর সঙ্গে খেলবে সফটওয়্যারটি।
এ ছাড়াও সফটওয়্যারটি যাতে কোনো সাহায্য ছাড়াই আরও গেইম খেলতে পারে, সে লক্ষ্যে এটির কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও উন্নত করার ইচ্ছাও প্রকাশ করেছে ডিপমাইন্ড।
