২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ও মভিডিয়াসের নতুন প্রকল্প

খুব শীঘ্রই হয়তো স্মার্টফোন আর শুধু স্ন্যাপশট আর ভিডিও ধারণে সীমাবদ্ধ থাকবে না, ধারণ করার পাশপাশি সেগুলো চিনতেও পারবে। এরকম একটি প্রকল্প বাস্তবায়নের জন্যই গুগল, সিলিকন ভ্যালির চিপ ডিজাইনার প্রতিষ্ঠান মভিডিয়াসের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

স্মার্টফোনের এই বিষয়টি নিয়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের সঙ্গে কাজ করবে সেমিকন্ডাক্টার স্টার্টআপ মভিডিয়াস। প্রকল্পটি সফল হলে স্মার্টফোন ব্যবহারকারীরা ছবিতে যা খুঁজতে চাচ্ছেন, শুধু সেটির নাম টাইপ করলেই তা দেখিয়ে দিতে পারবে স্মার্টফোন, আবার স্মার্টফোনের ছবি থেকেই ছবির মানুষটি কে তা খুঁজে বের করা সম্ভব হবে।

মভিডিয়াস স্টার্টআপ প্রধানত কম্পিউটার ভিশন নিয়ে কাজ করে থাকে। এর আগেও স্টার্টআপটির সঙ্গে গুগল যৌথভাবে কাজ করেছে বলেই জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। তবে সে সময় কাজের বিষয় ছিল সম্পূর্ণ ভিন্ন।

বর্তমান প্রকল্পে মভিডিয়াস-এর সঙ্গে গুগলের কী আর্থিক চুক্তি হয়েছে ও কবে নাগাদ ওই প্রযুক্তি বাজারে আসতে পারে, সে বিষয়ে মুখ খোলেনি কোনো প্রতিষ্ঠানই। তবে গুগল বেশ কিছু সংখ্যক মভিডিয়াস এমএ২৪৫০ চিপ কিনবে বলে জানা গেছে। নতুন প্রকল্প প্রসঙ্গে এক বিবৃতিতে গুগলের মেশিন ইন্টিলিজেন্স গ্রুপের প্রধান ব্লেইজে আগভেরা ওয়াই আরকাস বলেছেন, “মভিডিয়াসের সঙ্গে কাজ করার সুবাদে আমরা আমাদের প্রযুক্তি, ডেটা সেন্টারের বাইরের বিশ্বে ছড়িয়ে দিতে পারব এবং মানুষ তাদের ব্যক্তিগত ডিভাইসে মেশিন ইন্টিলিজেন্স-এর সুবিধা ভোগ করতে পারবেন।”

অন্যদিকে এ বিষয়ে মভিডিয়াস-এর প্রধান নির্বাহী রেমি এল-ওউয়াযযানে বলেছেন, “এই সংযুক্ততার ফলে নতুন প্রজন্মের ডিভাইস নিয়ে আসবে গুগল।”