শেষ প্রান্তিকে ফেইসবুক
২০১৫ সালের শেষ প্রান্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দ্বিগুণের চেয়েও বেশি মুনাফা অর্জন করেছে। ফলাফল হিসেবে ‘আফটার-আওয়ার্স’ ট্রেডিংয়েও প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বেড়েছে।
শেষ প্রান্তিকের মুনাফায় অন্যতম ভূমিকা পালন করেছে ফেইসবুকের মোবাইল বিজ্ঞাপন। প্লাটফর্মটির মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। অন্যদিকে মুনাফা এত বেশি হওয়ার ফলে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশ বেড়ে ১০৫ ডলার ৩২ সেন্ট-এ এসে দাঁড়িয়েছিল।
২০১৪ সালে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ৩৮৫ কোটি ডলার। আর ২০১৫ সালে প্রতিষ্ঠানটির মুনাফা এসে দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ডলারে।
মুনাফায় ফেইসবুকের বিজ্ঞাপন থেকে যা আয় হয়েছে, তার ৮০ শতাংশই এসেছে মোবাইল বিজ্ঞাপন থেকে। অথচ বছরখানেক আগেও প্রতিষ্ঠানটির মোট বিজ্ঞাপন আয়ের মধ্যে মোবাইল বিজ্ঞাপন থেকে আয় ছিল ৬৯ শতাংশ, আর তৃতীয় প্রান্তিকের বিজ্ঞাপন আয়ে প্রতিষ্ঠানটির মোবাইল বিজ্ঞাপন থেকে আয় হয়েছিল ৭৮ শতাংশ।
এ প্রসঙ্গে বাজার বিশ্লেষক সংস্থা এভারকোর আইএসআই-এর বিশ্লেষক কেন সেনা বলেছেন, “প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনভিত্তিক আয়ের পরিমাণ আমাদের অনুমানকেও ছাড়িয়ে গেছে।” সেনা আরও জানিয়েছেন, বিজ্ঞাপনদাতারা যে প্রতিষ্ঠানটির মাধ্যমে উপকৃত হচ্ছেন, তার সবচেয়ে বড় প্রমাণ তাদের প্রতি প্রান্তিকের আর্থিক ফলাফল।
বিজ্ঞাপন বাদেও ফেইসবুকের শেষ প্রান্তিকের আয়ে ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটির স্মার্টফোন অ্যাপ ও ভিডিও ভিউ। শুধু মুনাফা নয়, ফেইসবুকের ব্যবহারকারী সংখ্যাও ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে ফেইসবুকের ১৫৯ কোটি মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারী রয়েছেন বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
