২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তা: জাকারবার্গের ভাবনা

মাত্রই পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরলেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। ফিরেই নিজের স্বভাব অনুযায়ী কথা বলতে শুরু করেছেন তিনি। এবার মন্তব্য করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চলমান আলোচনার বিষয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা নিয়ে নিজের ব্যাখ্যা দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নিজে নিজে শেখার ক্ষমতা 'এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে' এমন ধারণা নিয়েও কথা বলেন তিনি।  

শেষ কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ নিয়ে কথা বলে আসছে ফেইসবুক। এর সঙ্গে গুগল আর অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নেমে পড়েছে মাঠে, আর বাড়ছে প্রতিযোগিতা। ইতোমধ্যে কিছু ফেসিয়াল রিকগনিশন আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট ধরনের ফিচারগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তার নজির পাওয়া গেছে, ভবিষ্যতে রোবট থেকে শুরু করে চালকবিহীন গাড়ি সবক্ষেত্রেই এর ব্যবহার করা হতে পারে বলে মনে করে সিএনএন।

চলতি বছর নিজের ব্যাক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম বানানোর ঘোষণা দেন জাকারবার্গ। আর এই খাতে উন্নতির জন্য ফেইসবুকের এআই দলের কাজ তো চলছেই।

বর্তমানকালের বেশিরভাগ এআই প্রযুক্তিই প্যাটার্ন মেলানোর মাধ্যমে শিখতে পারে। সিস্টেমকে কোনো ফ্রেঞ্চ বুলডগের পর্যাপ্ত পরিমাণ ছবি দেখানো হলে, এটি কুকুরের পা, নাক, কানের আকৃতি খেয়াল করবে। এক সময় সিস্টেমটি নিজেই নিজেই ফ্রেঞ্চ বুলডগ চিনতে পারবে।

এ খাতে পরবর্তী উন্নয়নে কোনো তত্ত্বাবধান ছাড়াই শেখার ক্ষমতা দেওয়া হবে বলে মনে করেন জাকারবার্গ। এর ফলে, কম্পিউটার কোনো মানুষের সহায়তা ছাড়াই শিখতে পারবে, ঠিক যেভাবে মানুষ শিখতে পারে।

এআই-এর নিজে নিজে শেখার ক্ষমতা কবে আসবে? প্রশ্নের জবাবে বেশ কয়েকজন শীর্ষ প্রযুক্তিকর্মী থেকে জাকারবার্গের জবাবটা ভিন্ন। এই সক্ষমতা আসতে এখনও অএঙ্ক দেরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, "অনেক দাবি করেছেন, এটা শুধুই কম্পিউটারের ক্ষমতা বাড়ানোর একটি অংশ।"

"কিন্তু এটি ঠিক নয়। সাধারণ শিক্ষা কীভাবে কাজ করে তা আমরা মৌলিকভাবে জানি না।"

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপদ আসতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন অনেক প্রযুক্তি গুরু। ২০১৫ সালের ডিসেম্বরে মানুষের উপকারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গবেষণায় একটি অলাভজনক এআই গবেষণা কেন্দ্র চালু করতে শতকোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানান ইলন মাস্ক, পিটার থিল, ওয়াই কম্বিনেটর-এর স্যাম অল্টম্যানসহ কয়েকজন শীর্ষ প্রযুক্তিকর্মী।

এআই সমালোচকদের সরাসরি কোনো জবাব দেননি জাকারবার্গ। তবে তিনি বলেন, "আমাদের এআই নিয়ে ভয় পাওয়া উচিত নয়। এটি বিশ্বে যে চমৎকার ভালো কিছু নিয়ে আসবে তা নিয়ে আমাদের আশা করা উচিত।"