সংকটে স্যামসাং
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের স্মার্টফোন ও সেমিকন্ডাক্টার বিক্রি আগের তুলনায় অনেকটাই কমে গেছে। বিষয়টি মুনাফাতে প্রভাব ফেলবে বলেই আগেই জানিয়েছিল প্রতিষ্ঠানটি, আদতেও বিষয়টি তাই হয়েছে।
পূর্ববর্তী ১২ মাসের সঙ্গে তুলনা করলে ২০১৫ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৬,৫৫০ কোটি ডলার। বাজারে এখনও চীনা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ঠিক সুবিধা করে উঠতে পারছে না দক্ষিণ কোরিয়ায় এই ইলেকট্রনিক্স জায়ান্ট। চীনের স্বল্পমূল্যের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে হার মানতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
অন্যদিকে ২০১৫ সালের এপ্রিল মাসে গ্যালাক্সি এস৬ স্মার্টফোন উন্মোচন করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করলেও, ভোক্তাদের সন্তুষ্ট করতে ও বাজার অবস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে এবিআই রিসার্চ-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক জেক সন্ডার্স বলেছেন, “প্রতিষ্ঠানটি যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, কারণ তাদের প্রায় অর্ধেক আয়ই আসে মোবাইল ডিভাইস থেকে।” এ ছাড়াও চীনা স্মার্টফোন নির্মাতা শিয়াওমি ভারত ও ইন্দোনেশিয়ার মতো বড় বাজারের ব্যবসা ইতোমধ্যে ধরে ফেলেছে বলেই জানিয়েছেন সন্ডার্স। আগে ওই বাজারগুলোতে স্যামসাং স্মার্টফোনের আধিপত্য ছিল।
স্যামসাংয়ের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, এই বৈরী বাজার পরিবেশেও তারা স্মার্টফোন বিক্রি বাড়ানোর চেষ্টা করবে। অন্যদিকে নিজেদের সেমিকন্ডাক্টার ব্যবসাও ঠিক রাখতে পারছে না প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, প্রতিষ্ঠানটি আইফোনের জন্য উপাদান তৈরি করে থাকে, বর্তমানে আইফোনের বিক্রিও কমতির দিকে।
অন্যদিকে নিজ দেশ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার ২ শতাংশ কমেছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
