২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি সমস্যার সমাধান করেছে অ্যাপল

সাফারি ব্রাউজারের ক্র্যাশ সমস্যার সমাধান করেছে অ্যাপল। ওই সমস্যার কারণে সাফারি ব্যবহারকারীরা অ্যাড্রেস বারের মাধ্যমে কোনো কিছু সার্চ করলেই ক্র্যাশ করছিল ব্রাউজারটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

মোবাইল ও ম্যাক কম্পিউটারের সাফারি ব্রাউজার ব্যবহারকারীরা অনেকটা হঠাৎ করেই এ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অ্যাপলের আইওএস ও ওএসএক্স-এর আপডেটেড সংস্করণের পাশপাশি যেসব ব্যবহারকারী মোবাইল ও ম্যাকে আইওএস ও ওএসএক্স-এর পুরনো সংস্করণ ব্যবহার করছিলেন, তারাও একই সমস্যার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, সাফারির কোনো কোডিংয়ের কারণে নয়, বরং অ্যাপলের ডেটা সেন্টারের কারণেই ব্রাউজারে ওই সমস্যা সৃষ্টি হয়েছিল। ত্রুটি বিষয়ে অ্যাপল-এর তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি। অন্যদিকে ত্রুটি সমাধানে অ্যাপল যে ‘ফিক্স’ নিয়ে এসেছে, তা সবার হাতে পৌঁছাতে সময় লাগবে বলে জানিয়েছে বিবিসি। তবে ব্যবহারকারীরা চাইলে সাফারি-এর প্রেফারেন্সেস থেকে ‘ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডেটা’-তে ক্লিক করে এই প্রক্রিয়ার গতি আরও বাড়াতে পারেন।

মূলত গ্রিনিচ মাণ সময় সকাল ০৯.০০টা থেকে দুপুর ১২.০০টার মধ্যে যে ব্যবহারকারীরা মোবাইল ব্যবহার করছিলেন, তারাই এ সমস্যাটির শিকার হয়েছেন। ওই সময়ে ‘সাজেশনস ক্যাশ’ নামের একটি আপডেট দেওয়া হয়েছিল। সময়ের কারণে এশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপের ব্যবহারকারীরাই এই সমস্যায় বেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।