গুগলের নতুন পেটেন্ট আবেদন
২৬ জানুয়ারি নতুন এক ডিজাইনের জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল। ধারণা করা হচ্ছে, নিজেদের ড্রোন সরবরাহ প্রকল্প ‘প্রজেক্ট উইং’-এর জন্যই প্রতিষ্ঠানটির এই পেটেন্ট আবেদন, কারণ নতুন ওই পেটেন্ট আবেদনটি মঞ্জুর হলে ড্রোনের মাধ্যমে আরও নিরাপদে প্যাকেজ সরবরাহের বিষয়টি নিশ্চিত হবে।
পেটেন্ট আবেদনের নথি থেকে জানা গেছে, ‘ডেলিভারি রিসেপ্টেকল’ নামের নতুন একটি ডিজাইন পেটেন্ট করাতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। ডিজাইন অনুযায়ী, ভাসমান ড্রোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে ওই ‘রিসেপ্টেকল’ ইনফ্রারেড রশ্মি ব্যবহার করবে এবং সংযোগ স্থাপনের পর ড্রোনগুলোকে পথ দেখাবে। ড্রোনগুলো ওই প্যাকেজ কোনো গ্যারাজ বা স্টোরহাউজের মতো নিরাপদ কোনো স্থানে নিয়ে পৌঁছে দেবে।
২০১২ সাল থেকে ‘প্রজেক্ট উইং’ প্রকল্পটি নিয়ে গবেষণা করছে গুগল। শুরু থেকেই নিজেদের ড্রোন সরবরাহ ওই প্রকল্পের বিস্তারিত গোপন রেখেছে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের নভেম্বরে প্রকল্পটির প্রধান ডেভ ভস জানিয়েছিলেন, ২০১৭ সাল নাগাদ ড্রোনের মাধ্যমে সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রকল্পটি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর অধীনে রয়েছে। এমনকি সাম্প্রতিক পেটেন্ট আবেদন প্রসঙ্গেও গুগলের গবেষণা বিভাগ ‘গুগল এক্স’-এর মুখপাত্র কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
গুগল ইতোমধ্যেই অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে প্রজেক্ট উইংয়ের ফিল্ড টেস্ট সম্পন্ন করেছে। অন্যদিকে ড্রোন বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশনের নীতিমালা প্রতিনিয়ত কঠোর হচ্ছে। বিষয়টি ড্রোননির্ভর সরবরাহ প্রযুক্তিতে প্রভাব ফেলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
