অফলাইনে গুগলের সেবা
বুধবার অফলাইনে চলে গিয়েছিল জিমেইল ও গুগল ড্রাইভসহ ওয়েব জায়ান্ট গুগলের মূল সেবাগুলোর মধ্যে বেশ কয়েকটি। যান্ত্রিক ত্রুটির শিকার সেবাগুলো একে একে অনলাইনে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
নিজস্ব সেবাগুলো একে একে চালু করা হচ্ছে বলে নিজস্ব সাপোর্ট পেইজে পোস্ট করেছিল গুগল। তারপরও গুগলের বিভিন্ন সেবা ব্যবহারের সময় নানা জটিলতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা।
জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ডকসসহ ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান ওয়েবভিত্তিক সেবাগুলোর মধ্যে সিংহভাগ ২৬ জানুয়ারি অফলাইনে চলে গিয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
সর্বশেষ, যান্ত্রিক ত্রুটির শিকার সবগুলো সেবা অনলাইনে ফিরিয়ে আনা হয়েছে বলে নিজস্ব সাপোর্ট পেইজে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।
“গুগল ডকস-এর সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা। অহেতুক বিড়ম্বনার জন্য আমরা দুঃখিত এবং আপনাদের ধৈর্য ও সমর্থনের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। নিশ্চিত থাকুন যে গুগলের কাছে সেবাগুলোর নির্ভরতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সেবাগুলো আরও উন্নত করতে সব সময়ই কাজ করছি।”--বলা হয়েছে গুগলের সাপোর্ট পেইজের পোস্টে।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান গুগলের প্রোডাক্টিভিটি সুট ব্যবহার করে। গুগলের ‘সার্ভিস অ্যাপ অ্যাগ্রিমেন্ট’ চুক্তির অধীনে পরিচালিত ওই সেবাটি। ফলে ওই চুক্তির অধীনে ‘ফ্রি সার্ভিসিং’ সেবা পাবে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো।
