২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও গেইম প্রজেক্টে ছিলেন মাইকেল জ্যাকসন

জাপানের শীর্ষস্থানীয় ভিডিও গেইম নির্মাতা সেগার তৈরি ‘সনিক দ্য হেজহগ ৩’-এর জন্য গান লিখেছিলেন পপ কিংবদন্তী মাইকেল জ্যাকসন। ১৯৯৪ সালে বাজারে আসা গেইমটির সঙ্গীত রচনার সঙ্গে জ্যাকসনের সংশ্লিষ্টতার গুজব শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এবার সেই গুজব নিশ্চিত করেছে হাফিংটন পোস্ট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

মাইকেল জ্যাকসনের নিজের গানগুলোর সঙ্গে সনিকের ট্র্যাকগুলোর মিল থাকায় জ্যাকসন ভক্তরা অনেকদিন ধরেই বলে আসছেন গেইমটির সঙ্গীত রচনায় অবদান ছিল পপ সম্রাটের। এবার সেই তত্বের সতত্যা নিশ্চিত করেছে হাফিংটন পোস্ট।

‘সনিক দ্য হেজহগ ৩’-এর সঙ্গীত রচনার জন্য আনুষ্ঠানিকভাবে কৃতিত্ব দেওয়া হয়েছিল ৬ জন কম্পোজারকে। তাদের একজন ব্র্যাড বাক্সার ২০০৯ সালেই ফরাসী ম্যাগাজিন ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকসনের সঙ্গে কাজ করার কথা স্বীকার করেছিলেন। তবে নিজে কখনও গেইমটি খেলেননি বলে জ্যাকসনের সঙ্গে যে গানগুলো নিয়ে কাজ করেছিলেন তার কোনোটি সনিকে ব্যবহার করা হয়েছিল কী না তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তবে শেষ অনিশ্চয়তাটুকুও দুর করেছে হাফিংটন পোস্ট। সনিক ৩-এর সঙ্গে জ্যাকসনের সংশ্লিষ্টতার ব্যাপারে নিশ্চিত করেছেন গেইমটির ডেভেলপার দলের প্রধান রজার হেক্টর।

হেক্টরের ভাষ্যমতে, সনিক-এর বড় ভক্ত ছিলেন জ্যাকসন। তাই গেইমটির নির্মাতাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আর তখনই সনিক-এর সঙ্গীত রচনায় সাহায্য চাওয়া হয় তার। সনিক-এর ট্র্যাক নিয়ে ৬ জন কম্পোজারের সঙ্গে ৪ সপ্তাহ কাজ করেন জ্যাকসন। প্রায় ৪১টি ট্র্যাক তৈরি করেছিলেন তারা ওই সময়ে মধ্যে।

‘সনিক দ্য হেজহগ ৩’-এর সঙ্গে মাইকেল জ্যাকসনের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছেন গেইমটির সাউন্ড ইঞ্জিনিয়ার ম্যাট ফর্জার-ও। কিন্তু ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি গেইমটি মুক্তির আগেই তার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ উঠতে থাকায় এর সঙ্গে জ্যাকসনের সংশ্লিষ্টতার ব্যাপারে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান সেগা। ফলাফল, দীর্ঘ দিন গোপন ছিল জনপ্রিয় গেইমটিতে পপ কিংবদন্তীর অবদান।