বড় পরিবর্তনের পথে স্ন্যাপচ্যাট!
২০১১ সালে অভিষেকের পর খুব বেশি পরিবর্তন আসেনি ফটো-ভিডিও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে। যোগ হয়েছে নতুন ফিচার, বাদ হয়েছে পুরনোগুলো; তারপরও সব মিলিয়ে বড় কোনো পরিবর্তন আসেনি অ্যাপটির মূল ইন্টারফেইসে। কিন্তু অ্যাপটিতে হয়তো খুব শিগগিরই আমূল পরিবর্তন আসছে--সম্প্রতি স্ন্যাপচ্যাটের গোপন কোড ফাঁস হওয়ায় ইঙ্গিত মিলছে এমনই।
অ্যাপটির ইউজার ইন্টারফেইসসহ পুরো ডিজাইনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফাঁস হওয়া কোড। নির্দিষ্ট একজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতাই প্রাধান্য পাবে অ্যাপটির নতুন ইন্টারফেইসে। ওই ইন্টারফেইসকে চিহ্নিত করা হচ্ছে ‘ChatV2’ নামে। নতুন ইন্টারফেইসের মাধ্যমে স্ন্যাপচ্যাট আদতে ফেইসবুক মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের মতো প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে আঁট-ঘাট বেঁধে মাঠে নামছে বলে মন্তব্য করেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
নতুন ফিচারে ব্যবহারকারী অন্যান্য চ্যাটিং অ্যাপের মতো চ্যাট ইন্টারফেইস থেকে লম্বা মেসেজ লিখে পাঠাতে পারবেন বলে জানিয়েছে বিলেতি দৈনিকটি। ওই ইন্টারফেইস থেকে সরাসরি লাইভ অডিও, ভিডিও আর স্টিকারও পাঠানো যাবে।
স্ন্যাপচ্যাট স্টিকার বিক্রি করে আয় বাড়ানোর পরিকল্পনা করে থাকতে পারে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট। অতীতে নানা ভাবে আয় বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। শেষবার ছবিতে বিভিন্ন ফিল্টার ব্যবহারের জন্য সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে আলাদা চার্জ ধার্য করেছিল স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। কিন্তু ব্যবহারকারীদের অভিযোগ আর সমালোচনার মুখে বাতিল করা হয় ওই পরিকল্পনা।
ফাঁস হওয়া কোড অনুযায়ী, অ্যাপটিতে নতুন একটি বাটন যোগ হবে যার মাধ্যমে সরাসরি ভিডিও বা অডিও কল করার সুযোগও পাবেন ব্যবহারকারী। অপরপ্রান্তে থাকা ব্যক্তি কথা বলছেন নাকি শুধুই আপনাকে দেখছেন সেটা দেখা যাবে চ্যাট ইন্টারফেইসের নিচের অংশে।
