শঙ্কায় দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়া সাইবার আক্রমণ চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। চলতি মাসে জাতিসংঘের নীতিমালার তোয়াক্কা না করে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। এর পরপরই দেশটির বিরুদ্ধে সাইবার আক্রমণের চেষ্টার অভিযোগ তুলল দক্ষিণ কোরিয়া।
৬ জানুয়ারি চালানো ওই পরীক্ষায় একটি হাইড্রোজেন বোমার কার্যক্ষমতা যাচাই করে দেখা হয় বলে দাবি করেছে উত্তর কোরিয়া। কিন্তু দেশটি আসলে এতটা উন্নত প্রযুক্তির কাজ সম্পাদন করার মতো ক্ষমতা রাখে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। তবে পরীক্ষার বিষয়বস্তু যাই হোক না কেন, ওই ঘটনার পর থেকে নিজেদের সামরিক বাহিনী আর সাইবার খাতে সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মিনিস্ট্রি-এর মুখপাত্র জিয়ং জুন-হি বলেন, “এমন অবস্থায়, আমরা উত্তর কোরিয়ার আচরণ নিয়ে শঙ্কিত।” ইউনিফিকেশন মিনিস্ট্রি দুই কোরিয়ার সম্পর্কের মেলবন্ধন নিয়ে কাজ করে থাকে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত চালাচ্ছেল বলে নিশ্চিত করলেও এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি তিনি।
দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার সাইবার আক্রমণ বা ড্রোন আক্রমণের আশঙ্কা বাড়ছে বলে সম্প্রতি জানিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট পার্ক জিওন-হাই।
দক্ষিণ কোরিয়ায় প্রোপাগান্ডা প্রচারের জন্য বেলুনের মাধ্যমে লিফলেট ফেলছে উত্তর কোরিয়া। তার উপর পারমাণবিক পরীক্ষার কারণে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ আরও বেড়েছে।
ওই পারমাণবিক পরীক্ষার পর দক্ষিণ কোরিয়ার বেশ বিছু সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে ম্যালওয়্যার আক্রমণের খবর শোনা গেলেও এর সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছেন এমন অনেকেই জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী অধীনস্থ গুপ্তচর সংস্থা একটি শক্তিশালী ‘সাইবার-ওয়ারফেয়ার’ ইউনিট পরিচালনা করে। শত্রু দেশগুলোর সরকারি সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে আক্রমণ চালায় ওই ইউনিট।
