সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে ‘ক্র্যাশসাফারি’
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নাকি ঘুরছে এক ‘স্মার্টফোন বিধ্বংসী’ লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলেই ক্র্যাশ করছে আইফোনসহ প্রায় সব স্মার্টফোন।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সামায়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, ক্র্যাশসাফারি ডটকম (crashsafari.com) নামের ওই লিঙ্কটিতে ক্লিক করলেই ফেঁসে যাবেন ব্যবহারকারী। ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্রাউজারের অ্যাড্রেস বারে প্রতি সেকেন্ডে কয়েক হাজার অক্ষর লেখা হতে থাকে। যার ফলে ক্র্যাশ করে ব্রাউজার ও স্মার্টফোন।
মাত্র চার লাইনের কোডেই ওই বিপত্তি। সাফারি আর ক্রোম ব্রাউজার ক্র্যাশ করাতে পারে এটি। সেই সঙ্গে স্মার্টফোনও রিবুট করে দিতে পারে। এমনকি কিছু ডেস্কটপ ব্রাউজারেও ক্ষেত্রেও কার্যকর ক্র্যাশসাফারি।
জাভাস্ক্রিপ্ট ফাংশন, ‘এইচটিএমএল৫-এর হিস্টরি.পুশস্টেট’ ব্যবহার করা হয়েছে এতে। এর মাধ্যমে বিভিন্ন সিঙ্গল পেইজ অ্যাপলিকেশন অ্যাড্রেস বার আপডেট করে থাকে। এক্ষেত্রে মূল যে পেইজটি দেখানো হচ্ছে সেটি পরিবর্তন হয় না।
ছোট একটি ইউআরএল-এর ছদ্মবেশে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে লিঙ্কটি। কেউ এতে ক্লিক করে ওপেন করতে গেলেই তা ব্যবহারকারীর ব্রাউজার বন্ধ করে দেয়। পরবর্তীতে স্মার্টফোন রিবুট না করলে ব্রাউজার আর ব্যবহার করা যায় না বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
