২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের ‘ভারতযাত্রা’!

আইফোনের চাহিদা কমতে থাকায় চীনের ‘উষ্ণ’ বাজার ‘শীতল’ হয়ে আসতে শুরু করেছে অ্যাপলের জন্য। এমন সময়ে ভারতের ক্রমবর্ধমান আইফোনের বাজারের দিকে ঝুঁকছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

১৩ বছরে প্রথমবারের মতো অ্যাপলের আয় বৃদ্ধির হার হ্রাস পাবে বলে আশংকা করা হচ্ছে প্রযুক্তিপণ্যের বাজারে। আর এমন পরিস্থিতে ভারত আইফোনের জন্য একটি ‘চমৎকার বাজার’ বলে মন্তব্য এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

ভারতের বাজারে সর্বশেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ে তুলনায় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিক্রি ৭৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন অ্যাপলের সিওও লুকা মায়েস্ট্রি। আর বিক্রি বৃদ্ধি হার আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাপল প্রধান টিম কুক। ভারতের বাজারে চাহিদা ও সম্ভাবনার সঙ্গে তাল মেলাতে দেশটিতে আরও সময় আর শ্রম দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অ্যাপলের দুই কাণ্ডারির মন্তব্যের বিপরীতে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ-এর গবেষক নিল শাহ। তার মতে, অ্যাপলের চন্য ভারত এখনই চীনের বাজারে বিকল্প হতে পারে না। ২০১৫ সালে ভারতে প্রতি প্রান্তিকে গড়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে ৪ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে। এর বিপরীতে চীনে প্রতি প্রান্তিকে বিক্রি হয়েছে দেড় কোটিরও বেশি স্মার্টফোন।

আর ভারতের এই পুরো স্মার্টফোন বাজারের ৭০ শতাংশই দেড়শ’ ডলারের কম দামের স্মার্টফোনের দখলে। সেই হিসেবে দেশটির স্মার্টফোন বাজারের ২ শতাংশ মাত্র অ্যাপলের দখলে আছে বলে মন্তব্য করেছেন শাহ। 

অন্যদিকে এ প্রসঙ্গে ভোক্তা গবেষণা প্রতিষ্ঠান ক্যান্টার ওয়ার্ল্ডপ্যানেল কমটেক-এর চিফ অফ রিসার্চ কারোলিনা মিলানেসি বলেন, “ভারতের ভোক্তাদের মধ্যে আইফোনের জন্য ভালোবাসা রয়েছে।”