মার্সেডিজ প্রধানের চোখে অ্যাপল-গুগল
স্বনিয়ন্ত্রিত গাড়ির গবেষণায় টেক জায়ান্ট অ্যাপল আর গুগল যতটা এগিয়েছে বলে ভাবা হয় ‘তার চেয়েও বেশি জানে ও করতে পারে’ বলে মন্তব্য করেছেন জার্মান অটোমোবাইল নির্মাতা ডাইমলার-এর প্রধান নির্বাহী আর মার্সিডিজ বেঞ্জ-এর প্রধান ডিয়েটার জেটস্কে।
স্বনিয়ন্ত্রিত গাড়ি প্রযুক্তিতে গুগল আর অ্যাপল যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি এগিয়ে বলে মনে করেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যবসায়িক সফরে সিলিকন ভ্যালি কীভাবে গাড়ি শিল্পে প্রবেশ করছে সে বিষয়ে বেশ পরিষ্কার ধারণা পেয়েছেন ডিয়েটার। তিনি আরও বলেন, “একই সময়ে আমাদের অর্জনের প্রতিও ধারণার চেয়ে বেশি সম্মান দেখিয়েছেন তারা।”
২০১৫ সালে ১৮ চাকাবিশিষ্ট স্বনিয়ন্ত্রিত লরির প্রটোটাইপ উন্মোচন করে ডাইমলার। এ ধরনের যানের মধ্যে এটিই প্রথম রাস্তায় চলার লাইসেন্স পায়। স্বচালিত গাড়ির প্রোটোটাইপ বানিয়েছে মার্সেডিজও।
শেষ কয়েক বছর ধরে বাজারে প্রতিষ্ঠিত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ বিশেষজ্ঞ আর প্রকৌশলীদের নিয়োগ দিচ্ছে অ্যাপল আর গুগল। প্রতিষ্ঠান দুটির কর্মী নিয়োগের এমন আচরণকে ‘আক্রমণাত্মক’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
নতুন নিয়োগপ্রাপ্ত বিশেষজ্ঞ আর প্রকৌশলীদের দিয়ে কী করানো হচ্ছে তা নিয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠান দুটি। তবে প্রতিষ্ঠান দুটি যে একদিন নিজেদের চালকবিহীন গাড়ি বাজারে আনবে সেটা অনেকটা ‘ওপেন-সিক্রেট’ বলাই যায়।
