২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ও ইন্দোনেশিয়া ছাড়ছে ফোর্ড

চলতি বছরে জাপান ও ইন্দোনেশিয়ায় নিজেদের সব ব্যবসার ইতি টানতে যাচ্ছে মার্কিন অটোমোবাইল নির্মাতা ফোর্ড মোটর কোম্পানি। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশ দুটিতে মুনাফার কোনো পথ দেখছে না তারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

জাপান ও ইন্দোনেশিয়ায় ডিলারশিপ থেকে শুরু করে বিক্রি ও গাড়ি আমদানি সব ব্যবসাই বন্ধ করে দেবে ফোর্ড। এ বিষয়ে ২৫ জানুয়ারি ওই অঞ্চলের সব কর্মকর্তা ও কর্মচারীদের ইমেইল পাঠিয়েছেন ফোর্ডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট ডেভ শক। এমনকি জাপানের পণ্য উন্নয়ন বিভাগও অন্য কোনো স্থানে সড়িয়ে নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পাঠানো ওই ইমেইলে শক লিখেছেন, “দূর্ভাগ্যজনকভাবে, এর মানে দাঁড়াচ্ছে, জাপান ও ইন্দোনেশিয়ায় আমাদের যে কর্মীরা রয়েছেন, তারা আর ফোর্ড জাপান বা ফোর্ড ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারছেন না।”

১৯৭৪ সালে জাপানের বাজারে এবং ২০০২ সালে ইন্দোনেশিয়ার বাজারে ব্যবসা শুরু করে ফোর্ড। জাপানে প্রতিষ্ঠানটির ৫২টি ডিলার এবং ২৯২ জন কর্মী রয়েছে। ২০১৫ সালে দেশটিতে প্রায় ৫০০০ গাড়ি বিক্রি করে আমদানীকৃত গাড়ির বাজারের মাত্র ১.৫ শতাংশ নিজেদের দখলে নিতে পেরেছিল প্রতিষ্ঠানটি। অন্যদিকে ইন্দোনেশিয়ায় ফোর্ডের ৩৬ জন কর্মী ও ৪৪টি ডিলার রয়েছে এবং ২০১৫ সালে দেশটিতে প্রায় ৬০০০ গাড়ি বিক্রি করে বাজারের ০.৬ শতাংশ ফোর্ডের দখলে ছিল।

সব মিলিয়ে হন্ডা, টয়োটা এবং নিসানের মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর বিপরীতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না ফোর্ড।

ফোর্ড যে ইন্দোনেশিয়া ছাড়ছে সে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির সাংহাই-এর এক মুখপাত্র বলেন, “ইন্দোনেশিয়ায় আঞ্চলিক কোনো উৎপাদন প্রক্রিয়া নেই..... আর আঞ্চলিক কোনো উৎপাদন প্রক্রিয়া ছাড়া ওই বাজারে প্রতিযোগিতা করার কোনো উপায়ই নেই।”