২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাড়ির খবর ফাঁস করলেন স্যামসাং কর্মী!

স্যামসাং গ্যালাক্সি এস৭ স্মার্টফোন নিয়ে প্রযুক্তিপণ্যের বাজারে শোনা যাচ্ছে একের পর এক গুজব। অনলাইনে চলে এসেছে তথাকথিত গ্যালাক্সি এস৭-এর ছবিও। এমন পরিস্থিতিতে নাকি মুখ খুলে গুজবের আগুনে ঘি ঢেলেছেন এক স্যামসাং কর্মী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

খোদ দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মীর মুখ থেকে হাড়ির খবর ফাঁস হওয়া চমক জাগানিয়া বৈকি! ওই ব্যক্তির বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি স্থানীয় ওয়েবসাইট জানিয়েছে কালো কেসিং থাকবে গ্যালাক্সি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে। অল্প আলোতেও ভাল ছবি তোলা যাবে এর ক্যামেরা দিয়ে।

বলা হচ্ছে, এফ/১.৭ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে গ্যালাক্সি এস৭-এ। গ্যালাক্সি সিরিজের আগের মডেল গ্যালাক্সি এস৬-এ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছিল স্যামসাং। তবে গ্যালাক্সি এস৭-এর লেন্স আরও উন্নত করেছে স্যামসাং, নতুন ক্যামেরা সেন্সরও যোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।

স্মার্টফোনটি পানি ও ধুলা নিরোধক হবে বললেও এর কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানাননি স্যামসাংয়ের ওই কর্মী। এর এক্সটার্নাল মেমোরি সুবিধা সর্বোচ্চ ১২৮ জিবি-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কি না, সে ব্যাপারটিও মুখ খোলেননি ওই ব্যক্তি।

স্মার্টফোনটি কালো, সাদা, রুপালি আর সোনালি-এই ৪ রঙের কেসিংয়ে বাজারজাত করা হবে এবং মার্চ মাসেই স্মার্টফোনগুলোর বাজারে আসবে বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

ওই ব্যক্তি সত্যিই স্যামসাং কর্মী কি না সে ব্যাপারটি নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নতুন গ্যালাক্সি স্মার্টফোন নিয়ে জল্পনা-কল্পনা এবং বাজারে চলতি গুজবের সঙ্গে অনেক তথ্য মিলে যাওয়ায় আলাদা গুরুত্ব পাচ্ছে তার বক্তব্য।