প্লেস্টেশন-এর জন্য সনির নতুন প্রতিষ্ঠান
প্লেস্টেশনসংশ্লিষ্ট সব হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর জন্য নতুন প্রতিষ্ঠান তৈরি করছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেটেড (এসসিই) ও সনি নেটওয়ার্ক এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল এলএলসি (এসএনইআই)।
প্রতিষ্ঠান দুটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, চলতি বছরের এপ্রিলের এক তারিখ থেকে তাদের নতুন প্রতিষ্ঠান ‘সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট এলএলসি’ এসসিই ও এসএনইআই-এর প্লেস্টেশন সংক্রান্ত সব ব্যবসায়িক ইউনিট পরিচালনা করবে। এর মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, কনটেন্ট, নেটওয়ার্ক ও সার্ভিস অপারেশনও থাকবে। নতুন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থাকবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান মাতেও-তে, সেখান থেকেই প্রতিষ্ঠানটি টোকিও এবং লন্ডনের-এর মতো শহরগুলোতে নিজ কার্যক্রম পরিচালনা করবে এবং বৈশ্বিক ব্যবসায়িক অপারেশন গড়ে তুলবে।
এ প্রসঙ্গে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেটেড-এর প্রেসিডেন্ট ও বৈশ্বিক প্রধান নির্বাহী এবং নেটওয়ার্ক এন্টারটেইনমেন্ট অফ সনি কর্পোরেশন-এর গ্রুপ এক্সিকিউটিভ অ্যান্ড্রু হাউজ বলেন, “প্লেস্টেশনের হার্ডওয়্যার, সফটওয়্যার, কনটেন্ট এবং নেটওয়ার্ক অপারেশন-কে এক স্থানে নিয়ে আসতে সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট একটি দৃঢ় অস্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করবে এবং প্লেস্টেশন ব্যবসা আরও দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।”
নতুন প্রতিষ্ঠান ‘সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট’-এর মূল কাণ্ডারীর দায়িত্বও হাউজ পালন করবেন বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
