হোয়াটসঅ্যাপের তথ্যে ফেইসবুকের হাত
মালিক প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে ব্যবহারকারীদের ডেটা শেয়ার করা শুরু করবে বহুল ব্যবহৃত মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ডেভেলপারদের কাছ থেকে ফাঁস হওয়া স্ক্রিনশট থেকে মিলেছে ফেইসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যবহারকারীদের ডেটা শেয়ারিং-এর ওই খবর।
ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নিজস্ব সাইটে আপডেট হিসেবে নতুন একটি ‘ডেটা-শেয়ারিং টুল’ যোগ হচ্ছে যার মাধ্যমে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ একে অন্যের সঙ্গে ব্যবহারকারীদের ডেটা আদান-প্রদান করবে। বলা হচ্ছে, ব্যবহারকারীদের ফেইসবুক অভিজ্ঞতা আরও ‘উন্নত’ করার জন্যই ওই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৪ সালে ১ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেইসবুক। ওই সময়েই ফেইসবুকের কাছে নিজেদের ডেটা বেহাত হওয়ার আশঙ্কা করেছিলেন হোয়অটসঅ্যাপ ব্যবহারকারীরা। কিন্তু সে সময় হোয়াটঅ্যাপ ব্যবহারকারীদের ডেটায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল ফেইসবুক কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণটিতে ডেটা শেয়ারিং ফিচার ‘বাই ডিফল্ট’ বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট। ব্যবহারকারীদের কনট্যাক্ট লিস্ট আর অন্যান্য ব্যক্তিগত তথ্য আদান-প্রদান হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে দৈনিকটি।
হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণটিতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন ইন্ডিকেটর’ থাকবে। ফলে চ্যাটিংয়ের সময় সংযোগ সম্পূর্ণ নিরাপদ আছে কি না সে ব্যাপারে নিশ্চিত হতে পারবেন ব্যবহারকারীরা। এনক্রিপশন চালু থাকলে হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের নজরদারি করতে পারবে না কেউই। এমনকি খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও নয়।
জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই নিজস্ব সেবা উন্মুক্ত করে দিয়েছে হোয়াটসঅ্যাপ, বাতিল করা হয়েছে বার্ষিক সাবস্ক্রিপশন ফি।
