২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডি প্রযুক্তি ব্যবহার করবে টোকিও পুলিশ

অপরাধীকে ভালোভাবে চিহ্নিত করতে শীঘ্রই থ্রিডি প্রযুক্তির সাহায্য নিতে যাচ্ছে জাপানের টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ। গ্রেপ্তারকৃতের আঙুলের ছাপ নেওয়া এবং ডান, বাম এবং সামনে দ্বিমাত্রিক ছবি তোলার প্রথা পুরনো। এবার থ্রিডি ক্যামেরা দিয়ে অপরাধীদের ছবি তোলা শুরু করবে স্থানীয় পুলিশ বিভাগ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

দ্বিমাত্রিক ছবি তোলার বদলে থ্রিডি ক্যামেরার সাহায্যে অপরাধীর থ্রিডি ছবি তোলার সিদ্ধান্ত পেছনে মূল কারণ, এতে করে সব অ্যাঙ্গেলে অপরাধীর ছবি পাওয়া সম্ভব হবে। ফলে যে কোনো অ্যাঙ্গেল থেকেই অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হবে।

চলতি বছরের এপ্রিলে টোকিও’র ১০২টি পুলিশ স্টেশনে এই প্রযুক্তি স্থাপন করা হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস। মূলত তিনটি ভিন্ন দিক থেকে থ্রিডি ক্যামেরার মাধ্যমে অপরাধীর ছবি ধারণ করা হবে।

থ্রিডি ছবির ধারণের ফলে মূল যে উপকারটি হবে, তা হল- কোনো নিরাপত্তা ক্যামেরায় যদি অপরাধীর সামান্য অংশও ধরা পড়ে বা অপরাধী যদি মাথা নিচের দিকে রাখে বা ঢেকেও রাখে তাহলেও পুলিশ নিজ সংগ্রহে থাকা থ্রিডি ছবির সাহায্যে সম্ভাব্য অপরাধী শনাক্ত করতে পারবেন।

এ ছাড়াও থ্রিডি ছবির সাহায্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘ফেসিয়াল ম্যাপিং’ করতে পারবেন, এমনকি চাইলে ‘জুম ইন’ করে ছবির যে কোনো অংশ যেভাবে খুশি সেভাবে দেখতে পারবেন। এর আগেও টোকিও পুলিশ বিভাগ এই প্রযুক্তি ব্যবহার করেছে, কিন্তু সেটি ছিল শুধু গবেষণা কাজের জন্য।