আইক্যান-এর নিয়ন্ত্রণ ছাড়ছে যুক্তরাষ্ট্র
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে আর যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে না ‘ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন সংক্ষেপে আইক্যান)’। ‘আইক্যান’ নেটওয়ার্ক প্রতিষ্ঠার পোছনে ছিলেন মার্কিন প্রযুক্তিগবেষকরা। টানা ৪৭ বছর ধরে সংস্থাটি বিশ্বের সব ডোমেইন নেইম ও ইন্টারনেট প্রটোকল তদারকির দায়িত্ব পালন করে আসছে। সংস্থাটি বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে।
নিয়ন্ত্রণ ছাড়ার আগ পর্যন্ত বাণিজ্য বিভাগের অধীনেই থাকবে আইক্যান। প্রায় ২০ বছর ধরে সংস্থাটি বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা চালিয়ে আসছে বলেই জানিয়েছে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট। যুক্তরাষ্ট্র আইক্যান-এর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর সম্পূর্ণ স্বাধীনভাবে ‘মাল্টি-স্টেইকহোল্ডার’ মডেলে পরিচালিত হবে সংস্থাটি।
এ প্রসঙ্গে আইক্যান-এর প্রধান নির্বাহী ফাদি শেহাদে বলেন, “আমাদের কাজে যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকাকেই বেশি প্রাধান্য দেয় মানুষ। কিন্তু আদতে যে পরিবর্তনটি হয় তা খুবই সামান্য। নিয়ন্ত্রণের বিষয়টি প্রতীকী অর্থে বেশ গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র সরকার ইন্টারনেট এর ব্যাপারে মূলত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে থাকে, কিন্তু প্রতিদিনের হিসেব কষলে, তারা যা করেন তা খুবই সামান্য।”
অন্যদিকে আইক্যান-এর নিয়ন্ত্রণ ছাড়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের অনেক রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের মূল ভয়টি হল, যুক্তরাষ্ট্র যে ক্ষমতাটি ছেড়ে দিচ্ছে, সেটি হ্যাকিংয়ের মাধ্যমে খুব সহজেই চীন বা রাশিয়া নিয়ে নিতে পারে। অন্যদিকে আইক্যান-এর তরফ থেকে শেহাদে জানিয়েছেন, আশঙ্কাটি অমূলক। তিনি আরও জানিয়েছেন, এ ব্যাপারে তাদের খুবই দৃঢ় একটি প্রক্রিয়া রয়েছে যা থেকে নিশ্চিতভাবে বলা যায়, এরকম হওয়ার কোনও ভয় নেই।
অন্যদিকে আইক্যান-এর এই বিকেন্দ্রীকরণ ও নতুন ‘মাল্টি-স্টেকহোল্ডার’ মডেল ইন্টারনেট-এর জন্য বর্তমানের তুলনায় আরও ভালো কিছু নিয়ে আসবে এমন আশা ব্যক্ত করছেন ইন্টারনেট সোসাইটি-এর (আইএএনএ) ভাইস-প্রেসিডেন্ট স্যালি শিপম্যান ওয়েন্টওয়ার্থ।
