চীনে কারখানা চায় টেসলা
২৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া হংকং টেকনোলজি ফোরামে অংশ নেওয়ার আগে বৃহত্তর চীনে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। বক্তব্যের এক পর্যায়ে চীনে টেসলার কারখানা স্থাপন করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
ব্যবসার শুরুর দিকে চীনের মূল ভূখণ্ডে কিছুটা সমস্যা হওয়া বাদে টেসলাকে আর কোনো প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির শিকার হতে হয়নি। আর তাই চীনের স্থানীয় বাজারের জন্য কারখানা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন মাস্ক। এজন্য স্থানীয় অংশীদার ও কারখানা স্থাপনের জন্য জায়গা খুঁজছে তার প্রতিষ্ঠানটি। চলতি বছরের মাঝামাঝি সময়ে মধ্যে এ কাজগুলো সেরে ফেলতে চাচ্ছেন তিনি।
অন্যদিকে চীনে ব্যবসা শুরুর পর থেকে এখন পর্যন্ত চীনের সাতটি প্রধান শহরে মোট ১৫টি স্টোর, ৩৪০টিরও বেশি সুপারচার্জার এবং ১,৬০০টিরও বেশি ডেস্টিনেশন চার্জার খুলেছে টেসলা।
২০১৫ সালে শুধু হংকংয়েই প্রতিষ্ঠানটি ২,২২১টি মডেল এস গাড়ি বিক্রি করেছে। ২০১৬-এর দ্বিতীয়ার্ধে মডেল এক্স গাড়িটিও হংকংয়ে নিয়ে আসা হবে এবং ওই সময়ে নতুন সার্ভিস সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন মাস্ক।
