শার্পকে কিনতে চায় ফক্সকন
বাজারে জোর গুজব ছড়িয়েছে, ৫৩০ কোটি ডলারের বিনিময়ে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শার্প কর্পোরেশনকে কেনার ইচ্ছা প্রকাশ করেছে তাইওয়ানিজ প্রতিষ্ঠান ফক্সকন। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সরবরাহকারী হিসেবে ফক্সকন বেশি পরিচিত হলেও এখন নিজ ব্যবসায়ের গণ্ডি বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে টেক টাইমস জানিয়েছে, জাপানি ওই ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান শার্প-কে নিজ মালিকানায় নিয়ে আসতে কোনো চেষ্টাই বাদ রাখছে না ফক্সকন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের তরফ থেকেই কোনো কিছু জানানো হয়নি। এদিকে অনেকদিন ধরেই নিজেদের ডিসপ্লে ব্যবসা নিয়ে বাজারে ঠিক সুবিধা করে উঠতে পারছে না শার্প। সেদিক থেকে ফক্সকনের এই আগ্রহ প্রকাশের খবর যদি সত্যি হয়, তাহলে বিষয়টি শার্পের জন্য সম্ভবত সুখবর।
শার্প এর ব্যাপারে ফক্সকনের আগ্রহ প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়, এর আগে ২০১২ সালে শার্প-এর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব জানিয়েছিল ফক্সকন। কিন্তু সে সময় ফক্সকনের কাছে নিজ ব্যবসায়ের অধিকাংশ নিয়ন্ত্রণ চলে যাওয়ার ভয়ে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। তবে জাপানের ওসাকা-তে প্রতিষ্ঠান দুটির একটি কারখানা রয়েছে যা যৌথভাবে পরিচালিত হয়। ওই কারখানায় বড় আকারের এলসিডি প্যানেল তৈরি হয় বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস।
অন্যদিকে এই গুজব সত্যি হলে এবং ক্রয়-বিক্রয় বিষয়ে শার্প ও ফক্সকন-এর কোনো আপত্তি নাও থাকলে, সহজে কাজটি করা সম্ভব হবে না এমন মন্তব্যই করেছে সংবাদসংস্থা রয়টার্স। কারণ সবার আগে এই বিষয়ে বাঁধা দেবে জাপানের সরকারি কর্মকর্তারা। নিজ দেশের প্রতিষ্ঠান হাতছাড়া করতে চাইবে না দেশটির সরকার। এ ছাড়াও ফক্সকন বাদে জাপানভিত্তিক প্রতিষ্ঠান ইনোভেশন নেটওয়ার্ক কর্প অফ জাপান-ও (আইএনসিজে) অনেক আগে থেকেই শার্প-এর ডিসপ্লে ব্যবসায়ের ব্যাপারে আগ্রহী বলেই জানিয়েছে টেক টাইমস।
