২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল-এ শীর্ষ ভিআর গবেষক

যুক্তরাষ্ট্রের প্রথম সারির ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি গবেষকদের মধ্যে অন্যতম ডাগ বোম্যান-কে নিয়োগ দিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, থ্রিডি ও জেশ্চার কন্ট্রোল ইন্টারফেইস প্রযুক্তি আরও উন্নত করার জন্যই বোম্যানকে বেছে নিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

আবার, অ্যালফাবেট, ফেইসবুক, মাইক্রোসফট এবং স্যামসাংয়ের মতো বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে বাজারে ব্যবসায় এগিয়ে থাকতেই বোম্যান-কে নিয়োগ দিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট —এমন গুজবও রয়েছে বাজারে। তবে যে ধারণাই সত্যি হোক না কেন, বোম্যান-কে নিয়োগ দিয়ে অ্যাপল কোনো ভুল পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস। নিজের কাজের ক্ষেত্রে বোম্যানের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে সাইটটি।

বোম্যান মূলত কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক এবং পাঁচ বছর সেন্টার ফর হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন অ্যাট ভার্জিনিয়া টেক-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্রগুলো হল: থ্রিডি ইউজার ইন্টারফেইস, ভার্চুয়াল পরিবেশের সুবিধার মতো বিষয়।

ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি দুটি ক্ষেত্রেই বোম্যান-এর অভিজ্ঞতা নিঃসন্দেহে অ্যাপলের জন্য একটি সম্পদ--মন্তব্য করেছে টেক টাইমস। তবে সাম্প্রতিক এই নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি অ্যাপল। অন্যদিকে বোম্যান-ও এ বিষয়ে নিরব।

আর তাই বোম্যান অ্যাপলের ঠিক কোন বিভাগে কাজ করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। হতে পারে তিনি অ্যাপলের তথাকথিত বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’-এ কাজ করবেন, আবার হতে পারে অন্য কোনো ক্ষেত্রে। তবে যে বিভাগেই কাজ করুন না কেন অ্যাপল যে থ্রিডি ও জেশ্চার কন্ট্রোল ইন্টারফেইস প্রযুক্তি নিয়ে কিছু করছে, সে বিষয়টি নিশ্চিত।