২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে বিশেষ সংস্করণের প্লেস্টেশন ৪

ইউরোপের বাজারে বিশেষ সংস্করণের এক টেরাবাইট প্লেস্টেশন ৪ কনসোল আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি। নতুন ওই প্লেস্টেশন ৪ কনসোলটির সঙ্গে স্ট্রিট ফাইটার ফাইভ গেইমটির ডিস্কও থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও চারটি বিশেষ স্ট্রিট ফাইটার সংস্করণভিত্তিক প্লেস্টেশন ৪ উন্মোচন করেছে সনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

বৃহস্পতিবার এক ব্লগ পোস্টের মাধ্যমে নিজেদের নতুন কনসোল আনার বিষয়টি জানিয়েছে জাপানি এই নির্মাতা প্রতিষ্ঠানটি। ওই ব্লগ পোস্টে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট ইউরোপের তরফ থেকে জশ ওয়াকার লিখেছের, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৬ ফেব্রয়ারি গেইম ‘স্ট্রিট ফাইটার ফাইভ রয়েছে এমন বিশেষ একটি পিএস৪ বাজারে পাওয়া যাবে।”

সনির বিশেষ ওই বান্ডলে এক টেরাবাইট জেট ব্ল্যাক পিএস৪, জেট ব্ল্যাক ডিএস৪ ও স্ট্রিট ফাইটার ফাইভ থাকছে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস। আর সনি নিজ কনসোলের যে চারটি সংস্করণ আনতে যাচ্ছে, সেগুলো হল-

১. পিএস৪ “স্ট্রিট ফাইটার ফাইভ” সংস্করণ

২. পিএস৪ “স্ট্রিট ফাইটার ফাইভ” রু সংস্করণ

৩. পিএস৪ “স্ট্রিট ফাইটার ফাইভ” চুন-লি অ্যান্ড লারা সংস্করণ

৪. পিএস৪ “স্ট্রিট ফাইটার ফাইভ” রু অ্যান্ড নেকাল্লি সংস্করণ

এ সংস্করণের প্লেস্টেশনগুলোর সঙ্গে গেইম থাকবে না বলেই জানিয়েছে সনি।

নিজ দেশ জাপানের বাজারে বিশেষ সংস্করণের এ কনসোলগুলো ১৮ ফেব্রুয়ারি লঞ্চ করবে সনি। এ ছাড়া অন্যান্য দেশগুলোতে নির্দিষ্ট সময়ে লঞ্চ করা হবে এই বিশেষ কনসোলগুলো। তবে ওই নির্দিষ্ট সময় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি তারা। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারে কবে নাগাদ আসতে পারে, তাও জানানো হয়নি। সনি স্টোর-এর মাধ্যমে আগ্রহী ক্রেতাদের জন্য প্রিঅর্ডার করার সুযোগ থাকছে। ১৬ ফেব্রুয়ারি পিসি এবং প্লেস্টেশনের জন্য স্ট্রিট ফাইটার গেইমের পঞ্চম সংস্করণ আসলেও এক্সবক্স ওয়ান-এর জন্য গেইমটির কোনো সংস্করণ আসছে না বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস।