২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি এআই গবেষণায় হার্ভার্ড ইউনিভার্সিটি

এখন পর্যন্ত এমন কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) তৈরি হয়নি যা মানুষের মস্তিষ্কের মতো দ্রুত সব শিখতে পারবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

কিন্তু বিষয়টিকে ওই পর্যায়েই নিয়ে যেতে চাইছে ইন্টিলিজেন্স রিসার্চ প্রজেক্টস অ্যাক্টিভিটি (আইএআরপিএ)। সরকারি এই সংস্থাটি সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির ভিন্ন তিনটি  বিভাগকে এ গবেষণার জন্য মোট দুই কোটি ৮০ লাখ ডলার দিয়েছে।

গবেষণার মূল কাজটি হবে, ঠিক কী কারণে মানব মস্তিষ্ক এআই-য়ের তুলনায় কোনো বিষয় দ্রুত শিখতে পারে, তা অনুসন্ধান করা। বিষয়টিকে আরেকটু খোলাসা করে বলা যায়, মানুষকে গাড়ি চেনাতে হলে, এক নজর বা বড়জোর কয়েকবার দেখনোই যথেষ্ট, কিন্তু বর্তমানে বিদ্যমান সবচেয়ে ভালো এআই-কে যদি একই কাজ করতে বলা হয়, তাহলে সেটি সময় নিয়ে আগে নিজ ডেটাবেইসের হাজারো স্যাম্পল দেখবে, তারপর জানাতে পারবে, তাকে গাড়ি দেখানো হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটির যে তিনটি বিভাগকে গবেষণার জন্য এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে, সেগুলো হল- জন এ. পলসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স (এসইএএস), সেন্টার ফর ব্রেইন সায়েন্স (সিবিএস) এবং ডিপার্টমেন্ট অফ মলিকিউলার অ্যান্ড সেলুলার বায়োলজি। এই তিনটি বিভাগকে একত্রে যে কাজটি কেরতে হবে তা হল-  শেখার ক্ষেত্রে মানব মস্তিষ্ক কোন প্রক্রিয়া ঠিক কীভাবে ব্যবহার করে, তা বের করতে হবে এবং নিউরনগুলো একে অপরের সঙ্গে ঠিক কীভাবে যোগাযোগ করে থাকে, সে বিষয়টি বুঝতে হবে। পরে এ সংক্রান্ত ডেটাগুলো সমন্বয় করে কীভাবে আরও উন্নত এআই প্রক্রিয়া তৈরি করা সম্ভব, সে বিষয়ে একটি দিক নির্দেশনা তৈরি করতে হবে।

গবেষকরা ধারণা করছেন, গবেষণায় এক পেটাবাইটেরও বেশি পরিমাণ ডেটা সংগৃহীত হবে। এ ছাড়া বিষয়টি এআই বাদেও অ্যাডভান্স কম্পিউটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করছেন গবেষকরা।