গেইমপ্রেমীদের জন্য আস্ত হোটেল
গেইমার ও গেইমপ্রেমীদের জন্য নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামে গড়ে তোলা হয়েছে ইউরোপের প্রথম হোটেল যা সম্পূর্ণরূপে ভিডিও গেইমনির্ভর। ‘দ্য আর্কেড হোটেল’ নামের ওই হোটেলটিতে অতিথিদের জন্য রয়েছে মোট ৩৬টি ঘর, আর প্রতিটি ঘরেই রয়েছে ভিডিও গেইম কনসোল।
শুধু যে অতিথি ঘরেই কনসোল রয়েছে তা নয়, হোটেলটির যে কোনো স্থানেই কনসোল খুঁজে পাবেন গেইমাররা। এ ছাড়াও হেটেলটিতে আগ্রহী পড়ুয়াদের জন্য কমিক বইয়ের একটি লাইব্রেরিও রয়েছে। সব মিলিয়ে হোটেলটিকে গেইমারদের মিলনমেলার আদর্শ স্থান বললেও ভুল বলা হবে না —মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস।
হোটেলটির অবস্থান নির্বাচনেও কর্তৃপক্ষ যথেষ্ট মাথা খাটিয়েছে বলেই জানিয়েছে টেক টাইমস। কারণ হোটেলটি যে স্থানে গড়ে তোলা হয়েছে, সেখানে পর্যটকদের ভীড় খুব একটা চোখে পড়ে না বললেই চলে, আবার স্থানটি যে অ্যামস্টারডামের দর্শনীয় স্থান থেকে খুব একটা দূরেও নয়। ফলে চাইলে গেইমার নিভৃতে গেইমও খেলতে পারবেন, আবার চাইলে অ্যামস্টারডামে ঘুরেও বেড়াতে পারবেন।
হোটেলটির মালিক ড্যানিয়েল সালমানোভিচ জানিয়েছেন, তার পারিবারিক ব্যবসা হচ্ছে হোটেল ব্যবসা। সালমানোভিচ তার এই নতুন হোটেল প্রসঙ্গে বলেছেন, “আমি এমন একটি স্থান তৈরি করতে চেয়েছিলাম, যেখানে পর্যটক এবং গেইমার দুই ধরনের অতিথিরাই এক ছাদের নিচে থাকতে পারেন।”
হোটেলটির বর্তমান কাঠামোতে নতুন আরেকটি ঘর সংযোজনের ব্যাপারে পরিকল্পনা চলছে। নতুন ওই ঘরটি হবে বিশেষ গেইমিং রুম, যেখানে ল্যান সংযোগের মাধ্যমে উপস্থিত গেইমাররা একে অপরের সঙ্গে গেইম খেলতে পারবেন।
