২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক ইন্টারনেটের লক্ষ্যে সস্তা সমাধান

এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়েছেন বিশ্বের তিনশ কোটি মানুষ। এর অন্যতম একটি কারণ হল- ইন্টারনেট সেবা পৌঁছে দিতে যে যন্ত্রপাতির প্রয়োজন  সেগুলোর দাম, ওজন এবং পরিচালনা খরচ অনেক বেশি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

এই প্রতিবন্ধকতা দূর করতে এবার মাঠে নেমেছেন ‘দ্য এডওয়ার্ড এস. রজারস সিনিয়র ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’-এর একদল গবেষক। গবেষক দলটি নতুন ধরনের চিকন, বহনযোগ্য এবং স্বল্পমূল্যের অ্যান্টেনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। গবেষকদের প্রচেষ্টা সফল হলে বিশ্বের ওই তিনশ কোটি মানুষের কাছেও দ্রুত পৌঁছে যাবে ইন্টারনেট।

বর্তমানে গবেষণা দলটির প্রধান অধ্যাপক জর্জ এলেফেরাইডেস চেষ্টা করছেন, বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ থেকে সৃষ্ট তীব্র রশ্মিকে যাতে ‘নভেল মেটাম্যাটেরিয়াল’-এর সাহায্যে প্রতিফলন করানো সম্ভব হয়। মেটাম্যাটেরিয়াল হচ্ছে মানবসৃষ্ট পদার্থ যা প্রকৃতিতে পাওয়া যায় না। প্রচেষ্টাটি সফল হলে, এই লেজারের মতো শক্তিকে মহাকাশের স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী অঞ্চলে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন এলেফেরাইডেস। অন্যদিকে স্বল্পমূল্যের এই অ্যান্টেনা প্রক্রিয়ার সাহায্য ‘বৈশ্বিক ইন্টারনেট অ্যাক্সেস’-এর বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হবে বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস।

গবেষকদের পরিকল্পনা, নতুন অ্যান্টেনাটির পুরুত্ব হবে দুই সেন্টিমিটার। বর্তমানে যে প্রটোটাইপ তৈরি হয়েছে, সেটি দেখতে অনেকটাই স্যাটেলাইট ডিশ ডিজাইনের মতো এবং এর কাঠোমোর মধ্যবর্তী স্থানে একটি ট্রাইপড রয়েছে যা স্যাটেলাইট ডিশের সব তরঙ্গকে একত্রিত করে একটি প্রবল রশ্মিতে পরিণত করে। ট্রাইপডের মাধ্যমে যাতে এ কাজ করা সম্ভব হয়, সেজন্য সেটিকে মূল পৃষ্ঠ থেকে একটি সুনির্দিষ্ট দূরূত্বে রাখতে হয় বলেই জানিয়েছে টেক টাইমস।

২১ জানুয়ারি নেচার কমিউনিকেশনস-এ এ গবেষণাটি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।