ক্যালিফোর্নিয়া বিল; অসহায় ‘এনক্রিপশন’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন এক বিল প্রস্তাব করা হয়েছে, বিলটি পাশ হলে অঙ্গরাজ্যটিতে আর এনক্রিপ্টেড স্মার্টফোন বিক্রি করতে পারবেন না ফোন নির্মাতারা। চলতি বছরের জানুয়ারির ২০ তারিখ বিলটি প্রস্তাব করেছেন ‘ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক অ্যাসেম্বলিম্যান’ জিম কুপার।
প্রস্তাবিত ওই নতুন বিলের একটি অংশে, ২০১৭ সালের জানুয়ারি ১ বা তারপরে উৎপাদিত হবে এরকম এনক্রিপ্টেড স্মার্টফোন উৎপাদন ও বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
এবি১৬৮১ নামের এ বিল পাশ হলে সবচেয়ে বড় সমস্যায় পড়বে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং ওয়েব জায়ান্ট গুগল। কারণ বিলে বলা হয়েছে, নির্মাতারা এ ধরনের ফোন তৈরি করলেও, যাতে ফোনের ডেটায় নিজেদের প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করে রাখেন। এটি করতে ব্যর্থ হলে, ২,৫০০ ডলার করে জরিমানা গুণতে হবে ফোন নির্মাতা প্রতিষ্ঠানের। এ প্রসঙ্গে কুপার বলেছেন, “প্রস্তাবিত বিল এবি ১৬৮১ মানব পাচার রোধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করতে পারবে।”
এদিকে অ্যাপল ২০১৪ সালেই জানিয়ে দিয়েছে, আইওএস ৮ এবং পরবর্তী আইওএস সংস্করণচালিত ফোনে এনক্রিপ্টেড প্রযুক্তি থাকায়, তারা ওই আইফোনগুলোর ডেটায় চাইলেও প্রবেশাধিকার পাবেন না। অন্যদিকে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনেও এখন বেশ কিছু ডেটা এখন এনক্রিপ্টেড থাকে, সে কারণে গুগলও একই সমস্যার সম্মুখীন হবে।
বিলটি পাশ হয়ে তা আইনে পরিণত হবে কিনা, সে বিষয়টি এখন নির্ভর করছে অ্যাসেম্বলি, স্টেট সিনেট এবং গভর্নর জেরি ব্রাউনের উপর। এখনও বিলটি কমিটির হাতে রয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে অ্যাপল এবং গুগল এখনও কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস।
