কুকের সঙ্গে সাক্ষাৎ আর প্রযুক্তিতে পোপ
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাপল প্রধান টিম কুক। পনের মিনিটের ওই সাক্ষাতের পুরো সময় জুড়েই দুজনকে ঘিরে রেখেছিল তাদের সঙ্গী আর ভ্যাটিকান সংবাদকর্মীরা।
সম্প্রতি ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড-এর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরেই অ্যাপল প্রধানের সঙ্গে পোপের সাক্ষাৎ ঘটল।
২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন পোপ। ওই সফরে পোপের এজেন্ডার মধ্যে সিলিকন ভ্যালি ছিল না। এ কারণে, কতগুলো তত্ত্ব প্রচারণায় সিলিকন ভ্যালির শীর্ষ ব্যাক্তিত্বদের সঙ্গে দেখা করছেন তিনি।
ভ্যাটিকান কী বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে অংশীদার হতে চাচ্ছে? নাকি এই সাক্ষাতগুলো শুধুই পোপের প্রযুক্তি-বান্ধব মনোভাব তুলে ধরার অংশ? সাক্ষাতের বিষয়ে এমন প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি অ্যাপলের মুখপাত্র।
২০১৩ সালের ১৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বের বিভিন্ন স্থানে শিশুদের সঙ্গে আলাপ করতে গুগল হ্যাংআউট আর ধর্মপ্রচারে মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহার করছেন পোপ। কিন্তু তিনি বরাবরই প্রযুক্তিজ্ঞান থেকে দূরে বলে জানিয়েছে সিএনএন।
অন্যদিকে, পোপ ফ্রান্সিস খুব সহজেই টুইটার ব্যবহার করতে পারেন বলে প্রতীয়মান হয়। প্রায়ই নিজের অ্যাকাউন্ট থেকে বৈশ্বিক নানা খবর আর বিতর্কের উপর মন্তব্য ক্লরেন তিনি।
কারও মনে প্রশ্ন জাগতেই পারে, টুইট করার জন্য কোন ডিভাইস ব্যবহার করেন তিনি? উত্তরটা হচ্ছে অ্যাপল আইপ্যাড। ২০১৫ সালে একটি দাতব্য তহবিলের জন্য করা নিলামে তার আগের ব্যবহার করা একটি ট্যাবলেট ৩০ হাজার ৫শ' ডলারে বিক্রি হয়।
সমকামীদের অধিকার রক্ষায় সম্প্রতি পোপ আর কুক- দুজনই সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
