২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ছাড়লেন ‘টাইটান’ প্রধান

অ্যাপল বৈদ্যুতিক গাড়ি বানানোর প্রকল্প ‘প্রজেক্ট টাইটান’ নিয়ে কাজ করছে, প্রযুক্তিপণ্যের বাজারে এটা অনেকটাই ‘অপেন সিক্রেট’। এই ইসুতে বরাবরই চুপ থাকলেও কখনো ‘কারপ্লে’ সিস্টেম, আবার কখনো বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতের শীর্ষ গবেষকদের নিয়োগ দিয়ে খবরের শিরোনামে এসেছে অ্যাপল। এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেই ‘প্রজেক্ট টাইটান’-এর প্রধান স্টিভ জাদেস্কি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

ব্যক্তিগত কারণেই অ্যাপল ছাড়ছেন বলে জানিয়েছেন জাদেস্কি। টানা ১৬ বছর অ্যাপলে কাজ করেছেন তিনি। অ্যাপলের ‘সুপার-সিক্রেট কার ডিভিশন’-এর দায়িত্ব নেওয়ার আগে আইফোন আর আইপড নির্মাণ প্রকল্পের জাদেস্কি কাজ করেছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

টেক জায়ান্ট অ্যাপলে যোগ দেওয়ার আগে মার্কিন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড-এর হয়েও কাজ করেছেন তিনি।

নিজেদের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ বিভাগ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। কিন্তু গেল বছর টেসলা এবং মার্সেইডিজ বেঞ্জসহ একাধিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপল ২০১৯ সালে মধ্যেই বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কাজ শেষ করতে চাইছে বলে গুজব শোনা যায় প্রযুক্তিপণ্যের বাজারে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের মতে, বাণিজ্যিক উৎপাদনের জন্য নয়, বরং গবেষণা কাজ শেষ করার জন্য ২০১৯ হয়তো অ্যাপলের নিজস্ব ‘ডেডলাইন’।

জাদেস্কির প্রস্থানে ওই লক্ষ্য অর্জনে অ্যাপল অনেকটাই পিছিয়ে গেল বলে মন্তব্য করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। নতুন প্রতিষ্ঠান হিসেবে অটোমোবাইল শিল্পে প্রবেশ করা এমনিতেই কঠিন একটি কাজ, তার উপরে পুরো প্রকল্পের মূল ব্যক্তি সরে দাঁড়ানোয় অ্যাপলের জন্য সামনের পথটা আরও কঠিন হল বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিকটি।