২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআর স্টুডিও বানাচ্ছে স্যামসাং

স্যামসাং বাজারে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘গিয়ার ভিআর’ নিয়ে এসেছে বেশি দিন হয়নি। এর মধ্যেই দর্শক ও ক্রেতাদের ভার্চুয়াল রিয়ালিটির পরিপূর্ণ অভিজ্ঞতা দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ভিআর স্টুডিও চালু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 10:56 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটিতে চলতি সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে নতুন ভিআর স্টুডিও চালু করার ঘোষণা দিয়েছে স্যামসাং। ভিআর স্টুডিও নির্মাণের জন্য ফেস্টিভালের আয়োজক সানড্যান্স ইনস্টিটিউটের সঙ্গেও জোট বেঁধেছে প্রতিষ্ঠানটি।

এখনই নতুন ভিআর স্টুডিও নিয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্কে অবস্থিত স্যামসাংয়ের নিজস্ব কার্যালয়েই তৈরি হবে প্রতিষ্ঠানটির ভিআর স্টুডিও। এক্ষেত্রে স্যামসাংয়ের বিপণন বিভাগের অফিসের খানিকটা ‘দখল করে’ স্টুডিওর কাজ চলবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

অন্যদিকে সানড্যান্স ফিল্ম ফেস্টিভালের আয়োজক সানড্যান্স ইনস্টিটিউটের সঙ্গে একবছর মেয়াদী একটি চুক্তির ঘোষণাও দিয়েছে স্যামসাং। চলচিত্র নির্মাণ খাতে সৃজনশীলতা পৃষ্ঠপোষকতা করার জন্যই ওই চুক্তি বলে জানিয়েছে সিনেট।

২০১৫ সালে সানড্যান্স ফেস্টিভালেই ভিআর কনটেন্ট নির্মাণের জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছিল ফেইসবুকের মালিনাধীন ভিআর হেডসেট নির্মাতা অকুলাস। সম্প্রতি নিজেদের ভিআর হেডসেট নিয়ে প্রচারণার জন্য হলিউডি অভিনেতা জোসেফ গর্ডন-লেভিটকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।