২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস অ্যাপে নতুন আপডেট

আইওএস সংস্করণের অফিস অ্যাপের জন্য নতুন আপডেট উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নতুন ওই আপডেটের ফলে আইওএস সংস্করণের অফিস ব্যবহারকারীরা অ্যাপেই থ্রিডি টাচ ও অ্যাপল-এর পেন্সিল স্টাইলাস ব্যবহারের সুযোগ পাবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

নতুন ওই আপডেটে থ্রিডি টাচ শর্টকার্ট যোগ করা হয়েছে। এতে করে ব্যবহারকারীরা হোমস্ক্রিন থেকেই ‘কুইক অ্যাক্সেস মেনু’-এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল-এ দ্রুত নতুন ডকুমেন্ট তৈরি ও আগে কাজ করা হয়েছে এমন ডকুমেন্ট ওপেন করতে পারবেন। তবে অফিস অ্যাপের নতুন এই আপডেটটির সুবিধা শুধু আইফোন ৬এস ও ৬এস প্লাস গ্রাহকরাই পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেক টাইমস।

এ ছাড়াও নতুন এই আপডেটটির সুবাদে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্ট ওপেন না করেই আইওএস ৯-এর স্পটলাইট ফিচার-এর মাধ্যমে কাঙ্খিত ডকুমেন্ট সার্চ করা সম্ভব হবে এবং পাওয়ার পয়েন্টের কাজ আরও সহজ করতে মর্ফ নামে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে। নতুন ওই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক ‘অবজেক্ট’ কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসতে পারবেন, ফলে পাওয়ার পয়েন্ট স্লাইড-এর কনটেন্ট সম্পাদনা ও পুনরায় সাজানোর কাজটি আরও সহজ হবে।

অন্যদিকে আইপ্যাড প্রো-তে এখন অ্যাপল পেন্সিল-এর মাধ্যমে নতুন ফিচার ‘অ্যানোটেট উইথ ইংক’ সুবিধা পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা অ্যাপল পেন্সিলের সাহায্যে অফিস অ্যাপে লিখতে, আঁকতে বা কোনো টেক্সট হাইলাইট করতে পারবেন।

অফিস অ্যাপের নতুন এই সুবিধাগুলো পেতে আগ্রহী আইওএস ব্যবহারকারীদের অ্যাপ স্টোর থেকে নতুন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল ডাউনলোড করতে হবে। আর নতুন আপেডেটের সবগুলো ফিচারের সুবিধা পেতে বার্ষিক ৭০ ডলার চার্জের বিনিময়ে অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন সেবা গ্রহণ করতে হবে।