২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে অ্যান্ড্রয়েডের ‘গোমর ফাঁস’

স্যান ফ্রান্সিসকোর আদালতে ‘গোমর ফাঁস’ হয়ে গেছে ওয়েব জায়ান্ট গুগলের। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে স্যান ফ্রান্সিসকোর আদালতে মামলা চলছে প্রতিষ্ঠানটির। আর ওই মামলার শুনানিতেই অ্যান্ড্রয়েড ব্যবসা থেকে গুগলের আয় সম্পর্কিত স্পর্শকাতর তথ্য ‘ফাঁস’ করে দিয়েছেন ওরাকলের আইনজীবি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 09:47 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

ওরাকল আইনজীবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যবসা থেকে ৩ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার আয় হয়েছে গুগলের, মুনাফা হয়েছে ২ হাজার ২শ’ কোটি মার্কিন ডলার।

অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়মিত নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করলেও অ্যান্ড্রয়েড সম্পর্কিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা থেকে সব সময়ই বিরত ছিল গুগল। আর ১৪ জানুয়ারির শুনানিতে গুগলের সেই সব গোপন আর্থিক প্রতিবেদনের নানা স্পর্শকাতর তথ্য ফাঁস করে দিয়েছেন ওরাকল আইনজীবি অ্যানেট হার্স্ট।

আইফোনের সাফারি ব্রাউজারের ডিফল্ট সার্চ টুল হিসেবে অবস্থান ধরে রাখতে ২০১৪ সালে গুগল অ্যাপলকে ১শ’ কোটি মার্কিন ডলার দিয়েছিল বলেও আদালতে জানিয়েছেন তিনি।

গুগলের সঙ্গে সেই সম্পর্ক সম্প্রতি ছিন্ন করেছে অ্যাপল। সিরি এবং স্পটলাইট সার্চ অ্যাপের জন্য ডিফল্ট সার্চ টুল হিসেবে বিং ব্যবহার করতে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল।

গুগল অ্যান্ড্রয়েডের অর্থায়ন এবং ওই খাতে অংশীদারদের সঙ্গে চুক্তি ও বিনিয়োগ সম্পর্কে বরাবরাই গোপনীয়তা বজায় রেখে এসেছে বলে জানিয়েছে সিএনএন। আদালতে হার্স্টের প্রকাশিত তথ্য জনসাধারণের সামনে উন্মুক্ত করার উপযোগী নয় এবং এর ফলে নিজেদের আর্থিক ক্ষতি হতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি ওরাকল বা গুগল মুখপাত্রদের কেউই।

স্যান ফ্রান্সিসকোর আদালতে গুগলের বিরুদ্ধে পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছে ওরাকল। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই তাদের তৈরি জাভা কোডের অংশ বিশেষ অ্যান্ড্রয়েডে ব্যবহার করছে গুগল। ক্ষতিপূরণ হিসেবে ১শ’ কোটি মার্কিন ডলার দাবি করেছে প্রতিষ্ঠানটি।