নিজস্ব ‘বিটকয়েন’ চায় চীন
যত শিগগির সম্ভব নিজস্ব ডিজিটাল মুদ্রা ব্যবস্থা প্রণয়নের পরিকল্পনা করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।
ডিজিটাল মুদ্রা ব্যবস্থা আর তা বাস্তবায়নের বিভিন্ন রূপরেখা নিয়ে ২০১৪ সাল থেকে গবেষণা চালানো হচ্ছে বলে জানিয়েছে পিপল’স ব্যাংক অফ চায়না।
ব্যাংকটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই বিষয়ে জানানো হলেও, ঠিক কবে নাগাদ দেশটিতে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করা হবে আর ওই মুদ্রা চীনের প্রচলিত মুদ্রা ইউয়ানের সঙ্গে কীভাবে কাজ করবে সে সম্পর্কে কিছু জানায়নি ব্যাংকটি।
চলতি সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সারমর্ম তুলে ধরে দেওয়া বিবৃতি অনুযায়ী, “প্রচলিত মুদ্রা ব্যবস্থা চালানোর খরচ কমাতে, লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধিতে, মুদ্রা পাঁচার, কর ফাঁকি আর অন্যান্য অপরাধ হ্রাসে” ডিজিটাল মুদ্রা সহায়তা করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে বিটকয়েন-এর বদৌলতে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বলে মত দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
চীনের বিশাল অর্থ প্রবাহে নজর রাখতে ও তা মজবুত অবস্থায় নিয়ে আসতে নিজস্ব ডিজিটাল মুদ্রা ব্যবস্থা সহায়তা করতে পারে বলে জানিয়েছে সাইটটি।
