২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে আপডেট পাচ্ছে ‘অ্যাপল ওয়াচ’

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নিজস্ব স্মার্টওয়াচ ‘অ্যাপল ওয়াচ’-এ নতুন ডিজাইনের রিস্টব্যান্ড আসছে বলে প্রযুক্তিপণ্যের বাজারে শোনা যাচ্ছে জোর গুজব। বলা হচ্ছে, মার্চ মাসেই নতুন ডিজাইনের রিস্টব্যান্ডের পাশাপাশি ওয়াচ ওএস ২.২ সফটওয়্যার আপডেটও উন্মুক্ত করবে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 04:48 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

অ্যাপল পণ্যবিষয়ক সাইট নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভুল করে ‘মিলানিজ লুপ’ রিস্টব্যান্ডের কালো সংস্করণের ছবি ও দাম ফাঁস করে দিয়েছির অ্যাপল। ওই প্রতিবেদনে অনুযায়ী, নতুন ‘মিলানিজ লুপ’সহ আরও কয়েকটি নতুন ডিজাইনের রিস্টব্যান্ড মার্চ মাসেই উন্মোচন করবে ওই মার্কিন টেক জায়ান্ট।

অন্যদিকে ওয়াচ ওএস ২.২ সফটওয়্যার আপডেটে যোগ হবে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে পরিবর্তন আসবে অ্যাপলের নিজস্ব ম্যাপস অ্যাপে এবং একাধিক অ্যাপল ওয়াচের সঙ্গে সিঙ্ক করা যাবে আইফোন।

তবে দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচের জন্য আগ্রহী ক্রেতাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। চলতি বছরের সেপ্টেম্বরে অভিষেক হলে অ্যাপল ওয়াচের প্রথম সংস্করণটির ঠিক দুই বছর পর বাজারে অভিষেক হবে দ্বিতীয় সংস্করণটির।

আইফোনের নতুন সংস্করণটিও অ্যাপল সেপ্টেম্বর মাসেই উন্মুক্ত করবে—এমন সম্ভাবনার উপরই জোর দিয়েছে ভার্জ।