ফেইসবুকের ‘স্পোর্টস স্টেডিয়াম’
খেলাধুলাবিষয়ক কনটেন্টের জন্য ‘ফেইসবুক স্পোর্টস স্টেডিয়াম’ নামের নতুন একটি ফিচার আনছে ফেইসবুক। এই প্ল্যাটফর্মে খেলাধুলার খবর, ভক্তদের করা জনপ্রিয় পোস্ট, পরিসংখ্যান আর বিশেষজ্ঞদের ধারাভাষ্য-এর সবই থাকবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওই মাধ্যমটি।
বুধবার নতুন ওই ফিচার ঘোষণার সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, “৬৫ কোটি ক্রীড়াপ্রেমি নিয়ে ফেইসবুক এখন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।” গেল সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ফেইসবুকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন একশ’ কোটিরও বেশি।
নতুন ফিচারটি দিয়ে ফেইসবুক আদতে মাইক্রোব্লগিং সেবা টুইটারের ‘বাড়া ভাতে ছাই’ দিতে চাইছে বলে জানিয়েছে রয়টার্স। বিভিন্ন খেলা চলাকালীন আপডেটের জন্য বেশ জনপ্রিয়তা আছে টুইটারের ‘লাইভ টুইটিং’ ফিচারের। এবার বুঝি টুইটারের সেই জনপ্রিয়তাতেই ভাগ বসাতে চাইছে ফেইসবুক।
নিউ ইয়র্কভিত্তিক বিপণন প্রতিষ্ঠান জেনোপসি-এর প্রেসিডেন্ট মাইকেল অ্যারন ফ্লিকার বলেন, “ফেইসবুকের জন্য ‘চ্যালেঞ্জ’ হচ্ছে ইতোমধ্যেই ফেইসবুক স্পোর্টস স্টেডিয়াম-এর মতো অনেক কমিউনিটি রয়েছে। এটা একদম নতুন কিছু নয়।”
এখন শুধু রাগবি আর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া সুপার বোলের খেলাগুলো নতুন ওই ‘ফেইসবুক স্পোর্টস স্টেডিয়াম’ ফিচারের আওতায় পড়বে। তবে ভবিষ্যতে বাস্কেটবল আর ফুটবলসহ অন্যান্য খেলাগুলোও ওই ফিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে ফেইসবুক।
