২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইড্রোজেন নির্ভর গাড়ি আনছে হোন্ডা

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় নিজেদের নতুন হাইড্রোজেন ফিউয়েল সেল নির্ভর গাড়ি বাজারজাত করার ঘোষণা দিয়েছে জাপানের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়া আর যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে ‘জিরো এমিশন’ অটোমোবাইল বাজারজাত করার জন্য চাপ বেড়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উপর। এর মধ্যেই স্বল্প সংখ্যক হাইড্রোজেন ফিউয়েল সেল নির্ভর গাড়ি বাজারজাত করার ঘোষণা দিল হোন্ডা। 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি.-তে অনুষ্ঠিত গাড়ি প্রদর্শনী অনুষ্ঠান ওয়াশিংটন অটো শো-এ ওই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের ওই ‘হোন্ডা ক্ল্যারিটি ফুয়েল সেল’ মডেলটির দাম হবে ৬০ হাজার ডলার। তবে ঠিক কতগুলো গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে সে বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি হোন্ডা। আগামী কয়েক মাসের মধ্যেই জাপানে আর বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে গাড়িগুলো ছাড়া হবে।

গাড়িটির মূল প্লাটফর্ম আরেকটি ‘প্লাগ-ইন হাইব্রিড’ বৈদ্যুতিক গাড়িতেও ব্যবহার করা হবে বলে জানিয়েছে রয়টার্স। ২০১৮ সাল নাগাদ বাজারে আসার কথা রয়েছে ওই গাড়িটির।

২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ২০ শতাংশ গাড়িই হাইব্রিড হবে বলে আশা করছে হোন্ডা। প্রতিষ্ঠানটি ‘২০১৭ অ্যাকর্ড’ হাইব্রিড গাড়ি বিক্রি করবে শুরু করবে বছরের শেষ নাগাদ।

লস অ্যাঞ্জেলস, স্যাকরামেন্টো এবং অরেঞ্জ কাউন্টির নির্দিষ্ট কিছু সরবরাহকারীর মাধ্যমে গাড়িগুলো বিক্রি শুরু করবে হোন্ডা।

২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৩০ হাজার ফিউয়েল সেল নির্ভর যান বিক্রির পরিকল্পনা করেছে জাপানের আরেক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।