২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লটারি সাইটে ডিডিওএস আক্রমণ

ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের শিকার হয়েছিল আয়ারল্যান্ডের ‘ন্যাশনাল লটারি’ ওয়েবসাইট আর সংশ্লিষ্ট টিকেট মেশিনগুলো। বুধবার ডিডিওএস আক্রমণের শিকার হয়ে অফলাইনে চলে গিয়েছিল সাইটটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 06:33 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

ন্যাশনাল লটারি ওয়েবসাইটটি ডিডিওএস আক্রমণের শিকার হয়ে অফলাইনে ছিল টানা দুই ঘণ্টা। বুধবার গ্রিনিচ মান সময় সকাল ১১টা ২১ মিনিটে সাইটটির উপর ডিডিওএস আক্রমণ শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।

সাইটটি গ্রিনিচ মান সময় দুপুর ১টা ২৫ মিনিটে আবার চালু করা হয়, আর টিকেট মেশিনগুলোকে অনলাইনে ফিরিয়ে আনা হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

ওয়েবসাইটের পাশাপাশি টিকেট মেশিনের উপর সাইবার আক্রমণের কারণ খুঁজে পাচ্ছেন না সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের জন গ্রাহাম-কামিং। এর পেছনের মূল কারণ উদঘাটন করা বেশ ‘ইন্টারেস্টিং’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে ডিডিওএস আক্রমণের ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সাইটটির এক মুখপাত্র। তবে সাইটটির গেইমিং সিস্টেম এবং গ্রাহক ডেটার কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি। 

যে দিন লটারিতে বড় জয়ের সুযোগ থাকে ওই দিন ওয়েবসাইটে সাধারণ ব্যবহারকারীদের বাড়তি ট্রাফিক নতুন কিছু নয় বলে জানিয়েছেন আরেক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ইমপার্ভা কর্মকর্তা ইগেল জিফম্যান। হ্যাকাররা বাড়তি ট্রাফিকের সুযোগ নিয়ে ডিডিওএস আক্রমণ চালানোর জন্য সাধারণত ওই দিনটিকেই বেছে নেয় বলে মন্তব্য করেছেন তিনি।